ডিএসই’র লেনদেনের ৩৯ শতাংশ ৫ কোম্পানি ঘিরে
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২০:৩৬
গতকাল বুধবার শেয়ারবাজারের সূচক কমে গেছে। দুইদিন সূচক বৃদ্ধির পর গতকাল সূচক কমার পাশাপাশি লেনদেনও কমে গেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩১৮ কোটি টাকা। যা আগেরদিনের তুলনায় ১৫ শতাংশ কম। এদিকে গতকালও লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো। কোম্পানিটি দর হারানোর তালিকাতেও শীর্ষে ছিল। গতকাল কোম্পানিটি প্রায় সাড়ে ৮ শতাংশ দর হারিয়েছে। আইডিএলসি’র তথ্যে দেখা গেছে, ডিএসই’র লেনদেনের ৩৯ শতাংশই হয়েছে মাত্র ৫টি কোম্পানি ঘিরে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা এবং শাহজীবাজার পাওয়ার লিমিটেড।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৬০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৮৬ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৬ কোটি ৭৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২০৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের।
এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, মূলধন বাড়াতে রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে তালিকাভুক্ত কোম্পানি একটিভ ফাইন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় মূলধন বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। ২ কোটি রাইট শেয়ার ইস্যু করার ঘোষণা দেয়া হয়েছে। যার প্রতিটি শেয়ারের দর নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) অথবা অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এ শেয়ার বিক্রয় করা হবে। এ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রয় করা হবে না বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ রাইট শেয়ার ইস্যু করা হবে।