ইকবাল খন্দকারের ‘হাসতে নেই মানা’

ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত হলো বিটিভির নিজস্ব অনুষ্ঠান ‘হাসতে নেই মানা’। বিনোদনধর্মী এই অনুষ্ঠানটিতে রয়েছে মোট তিনটি সেগমেন্ট—আড্ডা, আউটডোর নাটিকা এবং কৌতুক পরিবেশনা। আড্ডায় অংশ নিয়েছেন আল মনসুর, তুষার খান, কচি খন্দকার ও শিরিন বকুল। নাটিকা এবং কৌতুক পরিবেশনায় অংশ নিয়েছেন নাভিদ মাহবুব, আবু হেনা রনি, শশীসহ আরও অনেকে। অনুষ্ঠানটির মূল বৈশিষ্ট্য—পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করা হয়েছে ছন্দে ছন্দে। এ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘বৈচিত্র্য আনার লক্ষ্যেই অনুষ্ঠানটি ছন্দে ছন্দে উপস্থাপনা করেছি। আশা করি দর্শকরা ব্যতিক্রম কিছু পাবেন।’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. নাসির উদ্দিন। উল্লেখ্য, ‘হাসতে নেই মানা’ প্রচারিত হবে বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়।