দল গোছানোই দুঙ্গার প্রথম কাজ

আবারো জাতীয় দলের দায়িত্ব পাওয়া কোচ দুঙ্গাও স্বীকার করলেন ব্রাজিলীয়দের এটা স্বীকার করে নিতে হবে যে তাদের দল এখন আর সেরা নয়। ব্রাজিলকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতালেও কোচ হিসেবে প্রথম মেয়াদে বরখাস্ত হন তিনি। কিন্তু গত মঙ্গলবার দ্বিতীয়বারের মতো সেলেচাওদের দায়িত্ব নেয়ার পর দুঙ্গা জানান তার প্রথম কাজ দল গোছানো। তবে সকল ব্রাজিলীয় যা চায় সেই ‘সুন্দর’ খেলা দিয়ে সবাইকে মুগ্ধ করা নাও যেতে বলেও মত দেন তিনি। দুঙ্গা ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের কাছে ব্রাজিলের পরাজয়ের পর বিদায় নিতে হয়েছিল। এবার নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপটিতে জার্মানির কাছে সেমিফাইনালে ১-৭ গোলের বিধ্বংসী হার এবং তৃতীয় স্থান নির্ধারণী খেলায় নেদারল্যান্ডসের কাছেও পরাস্ত হলে কোচ লুই ফিলিপে স্কোলারিকে বরখাস্ত হতে হয়। এখন স্কোলারির স্থলাভিষিক্ত হলেও ৫০ বছর বয়সী দুঙ্গার নির্বাচনটি বিতর্কিত। ব্রাজিলের গ্লোবোনিউজ মঙ্গলবারই এক জরিপের বরাত দিয়ে জানায়, শতকরা ৭০ ভাগ লোক তার প্রত্যাবর্তন চাননি। এ প্রসঙ্গে তার বক্তব্য-‘জরিপের কথা যদি বলতে হয়, তবে আমাদের এটা কাটিয়ে উঠতে হবে। আমি মনে করি সমর্থকরা শেষ পর্যন্ত বুঝতে পারবে আমরা কি পরিকল্পনা করছি। আমি এতে নিজেকে প্রত্যাখ্যাত মনে করছি না। আমি লোকজনের মানসিক অবস্থানকে বদলাতেও যাচ্ছি না। তবে লোকজন আমার সম্পর্কে যা ভাবে সেটা আমি বদলে দেব।’ প্রসঙ্গক্রমে নেলসন মান্ডেলার উদাহরণ টানেন তিনি। দুঙ্গা বলেন, ‘নেলসন মান্ডেলার ক্ষেত্রে তো সবকিছুই তার বিরুদ্ধে ছিল এবং একটা গুলিও না ছুঁড়ে তিনি তার সম্পর্কে মানুষের ধারণাটাই বদলে দেন।’ ব্রাজিলীয় ফুটবলে দুঙ্গা কয়েক দশক ধরেই পরিচিত মুখ। ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী দলটির অধিনায়ক ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের আসরটিতে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর ২০১০ সালের বিশ্বকাপটিতে তাকে দায়িত্ব দেয়া হলেও তিনি সফল হননি। যদিও ব্রাজিল দল তার অধীনে ৬০ খেলায় অংশ নিয়ে ৪২টি জয়ী হয় এবং ছয়টি ড্র করে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) রিও ডি জেনিরোতে তাদের সদর দফতরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দুঙ্গাকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়। সেখানে সিবিএফ সভাপতি হোসে মারিয়া মারিন আভাস দেন যে তিনি চান দুঙ্গা রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করুন। কিন্তু ব্রাজিল দলের সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারটির সামনের পথ কঠিন। ব্রাজিলের পরিস্থিতি তুলে ধরে দুঙ্গা বলেন,‘আমরা এখন আর সেরা নই। আমরা সবাই এ ব্যাপারে সচেতন। আমরা আমাদের সমর্থকদের বলতে পারি না যে আমরাই সেরা।’ কোচ হিসেবে প্রথমবার কোন অভিজ্ঞতা ছাড়াই দায়িত্ব নিয়েছিলেন দুঙ্গা। সে সময় তিনি দলের শরীর নির্ভর ফুটবল এবং রক্ষণাত্মক কৌশলের জন্য সমালোচিত হয়েছিলেন। এ দফায় তার সব কিছু ভিন্ন হতে পারে বলে সংবাদ সম্মেলনে আভাস দেন দুঙ্গা। ইতোমধ্যেই তিনি তার লক্ষ্য হিসেবে পরবর্তী বিশ্বকাপের কথা ভাবছেন বলে মত দেন। ব্রাজিল এছাড়াও আগামী বছর কোপা আমেরিকায় খেলবে। এছাড়াও ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপটির বিশেষ সংস্করণেও খেলবে ব্রাজিল দল। সব মিলিয়ে তিনি বলেন,‘কোচ হিসেবে প্রথম দফায় আমাকে বলা হয়েছিল দলের মূল্যবোধ পুনরুদ্ধারের পাশাপাশি ফল এনে দিতে। দ্বিতীয় দফায় লক্ষ্য হলো ২০১৮ সালের বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করে তোলা।’ তার সম্পর্কে ব্রাজিলের ফুটবল প্রধান মারিন বলেন,‘ব্রাজিল দলকে নেতৃত্ব দেয়ার মধ্য দিয়েই সে তার সক্ষমতা প্রমাণ করেছিল। শুধু কাজেই নয়, সাফল্যের সংখ্যাতেও। সেটাই জানান দেয় দ্বিতীয়বারের মতো ব্রাজিল দলকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা ও প্রাসঙ্গিক যোগ্যতা তার আছে। এটা এমন একটা সিদ্ধান্ত যা এখানকার সবাই মিলে নিয়েছে।’ দুঙ্গা যার আসল নাম কার্লোস ব্লেডর্ন ভেরি মূলত সিবিএফের নতুন জেনারেল ম্যানেজার গিলমার রিনালদির সাথে ভাল সম্পর্কের প্রেক্ষিতেই দায়িত্বটি পেয়েছেন বলে মনে করা হচ্ছে। দুজনেই একত্রে ১৯৯৪ বিশ্বকাপে খেলেছেন। সেবার গোলরক্ষক ছিলেন রিনালদি এবং সাম্প্রতিক সময়ে তিনি খেলোয়াড়দের এজেন্ট হিসেবে কাজ করেছেন।