সংবাদ সংক্ষেপ

পাথরঘাটায় হাইজিন উপকরণ বিতরণ পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ সমপ্রতি পূর্ণিমার জোয়ারে বলেশ্বর ও বিষখালী নদের বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে বেসরকারি সংস্থা টেরেডেস হোমসের উদ্যোগে হাইজিন উপকরণ বিতরণ করা হয়। গতকাল বুধবার বেলা ১০টায় বেড়িবাঁধ পার্শ্ববর্তী পদ্মা, রুহিতা, চরলাঠিমারা ও টেংরার ক্ষতিগ্রস্তদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ১ কেজি ব্লিচিং পাউডার, ২টি লাক্স সাবান, ১টি হুইল সাবান, ১ প্যাকেট মোম, ১ ডজন ম্যাচ ও ৮টি স্যালাইন। উপজেলা প্রোগ্রাম ম্যানেজার দীপক জানান, তলিয়ে যাওয়া দুই হাজার পরিবারের মধ্যে পানিবাহিত রোগের সংক্রমণ দেখা দেয়ায় তাত্ক্ষণিক এ ব্যবস্থা নেয়া হয়েছে। মেহেন্দিগঞ্জে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন মেহেন্দিগঞ্জ বরিশাল সংবাদদাতা \ মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ আয়োজনে তিনদিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য পংকজ নাথ। উদ্বোধনের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহেব হোসেন, পৌর মেয়র কামালউদ্দিন খান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ আলিমউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ। মিঠাপুকুরে ভিজিএফের চাল বিতরণ শুরু মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ রংপুরের মিঠাপুকুরে সরকারি বরাদ্দকৃত অতিদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদের মোট ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৮৪২ জন অতিদরিদ্র মানুষের মাঝে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হবে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর-রশীদ চাল বিতরণ পরিদর্শন করেন। চাল বিতরণে উপস্থিত ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সহকারী পরিদর্শক সমবায় গাউছুল আজম, সচিব শাহ্ নেওয়াজ, রানীপুকুর শাখার আওয়ামী সভাপতি সাজ্জাদ হোসেন সুজন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে পুলিশ লাইনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপহার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের চিকিত্সা সেবা দিতে সাব কমিটি স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে অসুস্থ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সুচিকিত্সার জন্য একটি সাব কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে নির্বাহী কমিটির এক সভায় সাব কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী, সদস্য সচিব মুক্তিযোদ্ধা ডা. মো. সিরাজুল ইসলাম ও সদস্য হচ্ছেন মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহেদ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল আজিজ ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হানিফ। বানারীপাড়ায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ অবশেষে বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান কামালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু জানান, সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকা ও ’৭১-এর যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য রাখাসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়ে তাকে আ’লীগ থেকে বহিষ্কার করা হয়। প্রসঙ্গত সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এর আগে তাকে আরও একবার বহিষ্কার করা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জে গান পাউডারসহ ১ জন আটক চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চরলক্ষ্মী নারায়ণপুর গ্রাম থেকে গত সোমবার রাতে সোয়া ৪ কেজি গান পাউডারসহ খায়রুল ইসলাম(৪৫) নামে একজনকে আটক করেছে র্যাব। র্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চরলক্ষ্মী নারায়ণপুর গ্রামে খায়রুলের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে ৪ কেজি গান পাউডার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক খায়রুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসনের ইফতার মাহফিল নরসিংদী প্রতিনিধি \ নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান গত মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার মাহফিলে শিবপুরের এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা ও দায়রা জজ মোঃ শফিকুল করিম, জেলা পরিষদ প্রশাসক এড. আসাদুজ্জামান, নরসিংদীর পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. পুতুল রায়, পৌরসভার মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা জজশীপের কর্মকর্তা, সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। গলাচিপায় নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময় গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা গত মঙ্গলবার সকাল ১১টায় গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ করে গলাচিপা উপজেলা বিএনপিকে শক্তিশালী করাই আমার প্রথম কাজ। প্রেসক্লাব সভাপতি মলয় দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মইন, প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক জাকির হোসাইন, সম্পাদক মুশফিকুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ। গত ৮ জুলাই জেলা কমিটি আলহাজ্ব গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে। গত ২৮ এপ্রিল উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। দর্শনা কেরুজ চিনিকলে বৃক্ষরোপণ কর্মসূচি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গতকাল বুধবার সকালে দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান জাতীয় বৃক্ষরোপণ-২০১৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। মিলের মসজিদ চত্বরে একটি আম গাছের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতিবছরই দর্শনা চিনিকলের অধীন ফলদ, বনজ , ঔষধি ও সৌন্দর্য বৃদ্ধিকরণ প্রায় ২ হাজার চারা রোপণ করা হয়ে থাকে। এ সময় মিলের অন্যান্য কর্মকর্তাসহ শ্রমিক-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। রংপুরে পুলিশী অভিযানে ৩৯ জন গ্রেফতার রংপুর প্রতিনিধি \ রংপুরে পুলিশী অভিযানে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী, মাদক ব্যবসা, ছিনতাই, জুয়া, হত্যা মামলা, চাঁদাবাজিসহ জিআর ও সিআর মামলা রয়েছে। এদের মধ্যে অনেকেই দীর্ঘদিন পলাতক ছিলো। জানা যায়, জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্য বিশেষ অভিযান চালিয়ে রংপুর মহানগরী থেকে ২১ জনকে গ্রেফতার করেছে। এছাড়া পীরগঞ্জে ৪, পীরগাছায় ৪, গঙ্গাচড়ায় ৪, কাউনিয়ায় ৪, মিঠাপুকুরে ১ ও জেলা গোয়েন্দা পুলিশ ১ জনকে গ্রেফতার করে। কাঠালিয়ায় দুই গাঁজা সেবনকারীর জরিমানা কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় রাসেল হাওলাদার (২০) ও রুবেল হাওলাদার (১৮) নামের দুই গাঁজা সেবনকারীকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ভোরে কাঠালিয়া থানার এসআই মোঃ আঃ সালাম ও এসআই বাদল ফকিরের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে গাঁজা সেবন অবস্থায় তাদের আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে মাদক নিয়ন্ত্রণ আইনে ৫ হাজার টাকা ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেলের আদেশ হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন। নিয়ামতপুরে কৃষি কার্ড বিতরণ উদ্বোধন মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গতকাল বুধবার কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ শুরু করা হয়েছে। ৫৭৫ জন কৃষকের মাঝে স্থানীয় সংসদ সদস্য বাবু সাধন কুমার চন্দ্র মজুমদারকে কৃষক হিসাবে এ কার্য প্রদান করে । উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদুল হাসান এ কার্যক্রমের উদ্বোধন করেন । এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়নে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মন্জুরুল হক প্রমুখ । সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৩৩ আসামি গ্রেফতার সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলার ৮ টি থানায় গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত এ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ০৬ (ছয়) জন আসামি, গ্রেফতারী পরোয়ানার ২৩ (তেইশ) জন আসামি, ০১ (এক) সাজাপ্রাপ্ত আসামি ও পুলিশ আইনের ৩৪ ধারায় ০৩ (তিন) আসামিসহ সর্বমোট ৩৩ (তেত্রিশ) জন আসামিকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও কলারোয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১,০০৪ (এক হাজার চার) বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিল উদ্ধার ঘটনায় কলারোয়া থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কাবর এ ঘটনার সত্যতা স্বীকার করেন। নাগরপুরে পোড়ানো হলো ৩ লাখ টাকার জাল নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে ৩ লক্ষ টাকার জাল পুড়িয়ে দিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা। জানা যায়, গত কাল বুধবার সকালে উপজেলার কুষ্টিয়া বিলে মত্স্য আইন অমান্য করে বেরজাল দিয়ে মাছ মারার ফলে উপজেলা মত্স্য কর্মকর্তা তিনটি বেরজাল ও দুটি কারেন্ট জাল পুড়িয়ে দেন। উপজেলা মত্স্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ফাল্গুন থেকে শ্রাবণ মাস পর্যন্ত বেরজাল দিয়ে মাছ মারা নিষেধ থাকায় উপজেলার ধুবড়িয়া মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি শংকর চন্দ্র দাসসহ সকল সদস্যকে বারবার নিষেধ করলেও তারা নিষেধ ও মত্স্য আইন না মেনে নিয়মিত বেরজাল দিয়ে ছোট ছোট মাছ মেরে যাচ্ছে সংবাদ পেয়ে গতকাল সকালে কুষ্টিয়া বিলে বৈআইনি ভাবে মাছ মারার অপরাধে তিনটি বেরজাল ও দুটি কারেন্টের জাল পুলিশ প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে আইনের মাধ্যমে জালগুলো পুড়িয়ে দেয়া হয়েছে। চৌমুহনী পৌরসভার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা\ গত মঙ্গলবার বিকালে চৌমুহনী পৌর অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পৌর মেয়র আকতার হোসেন ফয়সল পৌরসভার ২০১৪-২০১৫ সালের ৫৯ কোটি ৭৫ লক্ষ ৩৯ হাজার ৬৬ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহীম, নির্বাহী অফিসার হারুন অর রশীদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্যা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল স্তরের জনগণ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। পঞ্চগড় মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের দায়িত্বভার গ্রহণ পঞ্চগড় প্রতিনিধি\ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা কমান্ডের দায়িত্বভার গ্রহণ এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক নবনির্বাচিত জেলা ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলালের কাছে কমান্ডের দায়িত্বভার অর্পণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামসুল আজম। বক্তব্য দেন সদর উপজেলা কমান্ডার ইসমাইল হোসেন, তেঁতুলিয়া উপজেলা কমান্ডার দেলওয়ার হোসেন, দেবীগঞ্জ উপজেলা কমান্ডার স্বদেশ চন্দ্র রায়, বোদা উপজেলা কমান্ডার অধ্যাপক আব্দুর রহমান, আটোয়ারী উপজেলা কমান্ডার নজরুল ইসলাম, সাবেক ইউনিট কমান্ডার জাকির হোসেন, ঠাকুরগাঁয়ের সাবেক ইউনিট কমান্ডার খায়রুল আলম, এটিএম সারোয়ার হোসেন প্রমুখ। নীলফামারীর কিশোরগঞ্জে ১২ জুয়াড়ি আটক কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা\ নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ইজারা অফিস থেকে জুয়ার সরঞ্জামসহ ১২ জুয়ারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর শাহজাহান এর নেতৃত্বে একদল পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ১২ জুয়ারিকে আটক করে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জুয়ারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ উদ্বোধন মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শহরের নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। মুন্সীগঞ্জ এপেক্স ক্লাব আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. কাজী শরিফুল আলম, সাবেক মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। এ বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এহসানুল করিম, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.কামরুল করিম, এপেক্সের সাবেক জাতীয় সভাপতি অভিজিত্ দাস ববি, এপেক্সের সাবেক ডিজি-১ এ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের সভাপতি আনোয়ারা আক্তার প্রমুখ।