অনিয়মের প্রতিবাদে সেবা ইন্সটিটিউটের ছাত্রীদের বিক্ষোভ
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:১৯
খাওয়া খরচ কমানোসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা সদর হাসপাতাল সংলগ্ন সেবা ইন্সটিটিউটের ছাত্রীরা। রাতভর বিক্ষোভ শেষে গতকাল বুধবার সকালে তারা ইন্সটিটিউট চত্বরেও বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা কর্মকর্তাদের পদত্যাগ দাবী করেন।
সেবা ইনস্টিটিউটে তিন বর্ষে ২০৪ জন শিক্ষার্থী অধ্যয়নরত। মিল চার্জ বাড়িয়ে সম্প্রতি কর্তৃপক্ষ ৬শ’ টাকা থেকে ১ হাজারে উন্নীত করে। এ ছাড়া হাউজ কিপারের বিভিন্ন সময়ে দুর্ব্যবহারে ক্ষুব্ধ ছিলেন ছাত্রীরা। সোমবার এ নিয়ে প্রতিবাদ করায় কর্তৃপক্ষ তাদের দেখে নেয়ার হুমকি দেয়। রাতে ইন্সট্রাক্টর ইন চার্জ মঞ্জুরানী ও হাউজকিপার কল্যাণী সরকার ছাত্রীদের কক্ষে হিটার তল্লাশীর নামে বিছানা ও আসবাবপত্র ছুঁড়ে ফেলে। এমনকি রাতভর তাদেরকে টিভি রুমে বাইরে থেকে তালাবদ্ধ করে আটকে রাখে। এক গ্লাস পানিও খেতে দেয়া হয়নি তাদের। সকালে তালা খুলে দিতেই ছাত্রীরা বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়। এখানেও মূল ফটকে তালা ঝুলিয়ে তাদের আটকে রাখা হয়। এরপর থেকে শুরু হয় ছাত্রীদের বিক্ষোভ। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তত্ক্ষণাত্ দাবী মেনে নেয়ার আশ্বাস দিয়ে ছাত্রীদের শ্রেণিকক্ষে পাঠানোর চেষ্টা করে কর্তৃপক্ষ।
ছাত্রী সুমাইয়া খাতুন ও শাহানাজ খাতুন বলেন, মিল চার্জ কমানোর দাবিতে আমরা আন্দোলন চালাচ্ছি।
সেবা ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মঞ্জুরানী বলেন, মিল চার্জ বাড়ানোর ঘোষণা দেয়ার ফলে ছাত্রীরা বিক্ষোভ করছে। তবে রাতভর ছাত্রীদের আটকে রাখার কথা তিনি অস্বীকার করেন।