মাছের প্রজনন মৌসুমেও অবাধে চলছে পোনা নিধন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:১৯
বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত মাছের প্রজনন মৌসুম। এ মৌসুমে হাওরে মাছ ধরা নিষেধ থাকা সত্ত্বেও জগন্নাথপুর উপজেলার নদী ও হাওরাঞ্চলে চলছে অবাধে পোনা মাছ নিধন উত্সব।
অবৈধ জাল দিয়ে এভাবে পোনা মাছ নিধন হলে এ মৌসুমে জগন্নাথপুর উপজেলায় দেশীয় প্রজাতি মাছের তীব্র সংকট দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। হাওরগুলোতে অবাধে পোনা মাছ নিধনের কারণ হিসেবে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা মত্স্য কর্মকর্তার পদটি শূন্য রয়েছে।
অফিসের কেরানী ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তার দায়িত্বে থাকার সুবাদে অসাধু মত্স্য শিকারীরা ঐ কেরানীকে টাকার ভাগ দিয়ে ম্যানেজ করে অবাধে পোনা মাছ নিধন উত্সব চালিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার পোনা মাছ উপজেলা সদর থেকে বিভিন্ন জেলা উপজেলার হাট বাজারে বিক্রির জন্য পাচার হচ্ছে। মত্স্য অফিস সূত্রে জানা যায়, মাছের প্রজনন মৌসুমে পোনা নিধন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।