অভিভাবকদের আন্দোলনের মুখে স্কুল সভাপতি গ্রেফতার
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:২০
ব্যাঙ্গালোরে ছয় বছরের স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিভাবকদের আন্দোলনের মুখে স্কুলের সভাপতিকে পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, শিশু ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে স্কুলটির সভাপতি রুস্তম কেরাওয়ালাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এর আগে ঐ স্কুলে স্কেটিং প্রশিক্ষককে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। ল্যাপটপে শিশুদের আপত্তিকর ভিডিও পাওয়া গেছে বলে জানায় পুলিশ। ব্যাঙ্গালোর পুলিশের কমিশনার এমএন রেড্ডি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইন্ডিয়ান পেনাল কোডের বিভিন্ন ধারায় অভিযুক্ত স্কুল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
এ মাসের ২ তারিখ ঐ শিশুটিকে ধর্ষণ করে স্কুলের দুই কর্মী। স্কুল চলাকালে এ ধরনের ঘটনা ঘটায় অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে। ধর্ষণের পর শিশুটিকে হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। দুই সপ্তাহ পরে ঐ শিশুর অভিভাবকরা অন্যদের জানালে বিক্ষোভে ফেটে পড়ে কয়েক হাজার অভিভাবক। স্কুলের ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে স্কুল সভাপতি আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন এবং পুলিশের তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু অভিভাবকরা স্কুল বর্জন করে তাদের আন্দোলন অব্যাহত রাখেন। স্কুলের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হলে ছেলে-মেয়েদের স্কুলে না পাঠানোর হুমকি দেন অভিভাবকরা।