যুদ্ধাপরাধের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:২১
গাজার শুজাইয়া এলাকার আশেপাশে ইসরাইলি বোমা হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের শীর্ষস্থানীয় মানবাধিকার গ্রুপগুলো।
বোমা হামলায় বিধ্বস্ত গাজার একজন মানবাধিকার কর্মীর বক্তব্য অনুসারে, ১৫ দিনব্যাপী ইসরাইলের ব্যাপক হামলার মুখে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ার চিত্রটি ১৯৪৮ সালে ফিলিস্তিনি ‘নকবার’ পর ‘সবচেয়ে বড় বহির্গমনের ঢেউ’। উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৫মে ইসরাইলের স্বাধীনতা ঘোষণার দিনটিতে সাত লাখেরও বেশি ফিলিস্তিনি ঘর-বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয় যা তাদের কাছে ‘নকবা’ অর্থাত্ ‘দুর্যোগের দিন’ হিসেবে পরিচিত। এবারও ইসরাইলের বোমা হামলার ফলে এরই মধ্যে প্রায় লাখখানেক ফিলিস্তিনি গাজা ত্যাগ করতে বাধ্য হয়েছে।
এ প্রসঙ্গে প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটসের (পিসিএইচআর) পরিচালক রাজি সৌরানি বলেন, ‘আমার বয়স ৬০ এবং আমি কখনোই এরকমটা দেখিনি।’ সৌরানি এবং তার সহযোগী গাজাভিত্তিক আল-মাজেন সেন্টার ফর হিউম্যান রাইটসের ইসাম ইউনিস নিশ্চিত যে, বোমা নিক্ষেপ, গণসতর্ককরণ এবং গুলির মুখে মানুষজনকে পালিয়ে যেতে বাধ্য করাটা যুদ্ধাপরাধের সামিল।