পাবনায় তিনজনসহ পৃথক ঘটনায় ১৩ জন নিহত

পাবনায় সড়ক দুর্ঘটনায় তিনজনসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৩ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ পাবনার কাশীনাথপুর ট্রাফিক মোড়ে গতকাল বুধবার সকালে বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, বেড়া উপজেলার সিন্দুরিয়া গ্রামের শফিকুল ইসলাম (৩০), সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫) অজ্ঞাত পরিচয় একজন (৩৫)। কাশীনাথপুর ট্রাফিক সার্জেন্ট গোলাম মোস্তফা জানান, পাবনা থেকে ময়মনসিংহের উদ্দ্যেশ্যে ছেড়ে আসা সোলা পরিবহনের একটি ট্রাফিক মোড় অতিক্রমকালে রাস্তার উপর পার্কিং করা তিনটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিক, পাবনা জেনারেল হাসপাতাল ও বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাধবপুরে তিনজনের লাশ উদ্ধার হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছে বেঙ্গাডুবা এলাকা থেকে গতকাল বুধবার সকালে ৩ ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহতরা হলেন, বেঙ্গাডুবা গ্রামের শাহীন মিয়া শিপলু (২০), ভুটলা মিয়া (২৮) ও অজ্ঞাত পরিচয় একজন। নোয়াপাড়া রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মতিউর রহমান জানান, রাতে কোন ট্রেনের নিচে পড়ে এরা মারা গেছে তা তিনি জানি না। সকালে লাইনম্যানের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশের শ্রীমঙ্গল থানার ওসি ইখতিয়ার উদ্দীন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মাধবপুর থানার ওসি আব্দুল বাছেদ জানান, এদের নামে মাধবপুর থানায় একাধিক মামলা রয়েছে। মিঠাপুকুরে তিন মোটর সাইকেল আরোহী নিহত রংপুরের মিঠাপুকুর উপজেলার দুলহাপুর এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মিঠুল মিয়ার ছেলে আরাফাত, হোদা মিয়ার ছেলে মিজান, মজনু মিয়ার ছেলে ফিরোজ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা সদর থেকে ওই ৩ মোটর সাইকেল আরোহী শঠিবাড়ি যাওয়ার পথে বগুড়াগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। নাগেশ্বরীতে ট্রলি চাপায় বাক প্রতিবন্ধি নিহত কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পায়রাডাঙ্গা বালাসিপাড়া এলাকায় গতকাল বুধবার সকালে ট্রলি চাপায় আব্দুস সালাম (৩৫) নামে এক বাক প্রতিবন্ধি মারা গেছেন। মির্জাপুুরে গার্মেন্টস কর্মী নিহত ও মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভিসি আহত টাঙ্গাইলের মির্জাপুর গোড়াইতে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় গতকাল বুধবার অজ্ঞাত পরিচয় (৩০) এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। অপর দিকে দুপুরে টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার পথে শুভুল্লা এলাকায় মাইক্রোবাস বাস উল্টে খাদে পরে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আলাউদ্দিনসহ ৫ জন আহত হয়েছেন। তাদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাগুরার মহম্মদপুরের ঝামা বাজার এলাকায় গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় রাজিব মোল্লা (১৫) নামে এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত ও একজন আহত হয়েছেন। ঝামা বাজারের নৈশপ্রহরী আমির মিয়া জানান, রাজিব ও নিশান মোটরসাইকেলে ঝামা বাজার থেকে রামপুরে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই রাজিব নিহত হয়। নিশানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডোমারে পানিতে পড়ে শিশুর মৃত্যু নীলফামারীর ডোমার উপজেলার শেওটগাড়ি গ্রামে গতকাল বুধবার সকালে নদীতে গোসল করতে গিয়ে মমতা নামের এক শিশু মারা গেছে। হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।