কালিয়াকৈরে চাল বিতরণে অনিয়ম
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:৩৮
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. জাকিরুল ইসলামের বিরুদ্ধে অসহায় দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ইউএনও মো. হাবিবুর রহমান ও ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ এ অনিয়ম গত মঙ্গলবার হাতে নাতে ধরে ফেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি মেম্বর জানান, ৩ হাজার ৮৩২ জন দুঃস্থের মাঝে মাথা পিছু ১০ কেজি করে চাল বিতরণের নিয়ম থাকলেও চেয়ারম্যান মো. জাকিরুল ইসলামের নির্দেশে মাথাপিছু ৮ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান মো. জাকিরুল ইসলাম বলেন, দুই ইউপি সদস্যের উপস্থিতিতে দুঃস্থের মাঝে ওজনে ২ কেজি করে চাল কম বিতরণ করলে ইউএনও চাল বিতরণ স্থগিত করেন। পরে ইউএনওকে যথানিয়মে চাল বিতরণের প্রতিশ্রুতি দিলে পুনরায় চাল বিতরণ শুরু হয়।