দুই ভেজাল সেমাই উত্পাদনকারীকে পুলিশে সোপর্দ
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:৪২
ভেজাল সেমাই উত্পাদনের অভিযোগে দুই ব্যবসায়ীকে জামিন না দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এরা হলেন, হাজী আইনুদ্দিনের ছেলে নাসির উদ্দিন ও বদু মিয়ার ছেলে মোহাম্মদ আলী। এরা দু’জনে কামরাঙ্গীরচর এলাকায় অবস্থিত নাসিম ফুড ও মিতালী সেমাই ফ্যাক্টরির মালিক। এসব কারখানায় ভেজাল সেমাই উত্পাদন হতো।
গত ১০ জুলাই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কামরাঙ্গীরচরে তিনটি ভেজাল সেমাই কারখানার সন্ধান পান। পরদিন ওই থানার এসআই আব্দুল ওয়াদুদ কারখানার মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল এই মামলায় বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের ডিভিশন বেঞ্চে জামিন চান নাসির ও মোহাম্মদ আলী। আদালত তাদের জামিন না দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে হাইকোর্টে দায়িত্ব পালনকারী পুলিশের সদস্যরা তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করে। শাহবাগ থানার এসআই শাহ আলম বলেন, দু’জনকে কামরাঙ্গীরচর থানায় সোপর্দ করা হয়।