এখনও স্বপ্ন দেখেন পিটারসেন
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২১:৫০
জাতীয় দলের হয়ে শেষটা তার ভাল হয়নি। অনেকটা বাধ্য হয়েই অবসর নিয়ে ফেলেছেন। আগের সেই জৌলুসও হারিয়ে গেছে। বয়সটাও এখন ৩৪। এরপরও আশার আলো দেখছেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। আবারও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন এই তারকা।
যদিও, পিটারসেনের এই আশার পিছনে কাজ করছে সামপ্রতিক সময়ে ইংলিশ ক্রিকেটারদের বাজে পারফরম্যান্স। বিপদে থাকা ইংল্যান্ড দলটিকে আবারো জাগিয়ে তুলতে পারেন বলে মন্তব্য করেছেন অপদস্থ হয়ে বেরিয়ে যাওয়া পিটারসেন। লর্ডসে দ্বিতীয় টেস্টে ভারতের কাছে ৯৫ রানে পরাজিত হয়ে সাম্প্রতিক সময়ে নিজেদের খারাপ রেকর্ডের পরিধিটা আরো বাড়ালো ইংল্যান্ড।
অধিনায়ক অ্যলিস্টার কুকসহ সতীর্থদের সঙ্গে ড্রেসিং রুমে সমস্যার পর দল থেকে বাদ পড়া ৩৪ বছর বয়সী পিটারসেন বলেন, ফিরিয়ে আনতে তার দরজা খোলা। বিটি স্পোর্টসকে পিটারসেন বলেন, ‘আমি আবারো ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। তবে তেমন সম্ভাবনা সৃষ্টি হওয়ার আগে আমাদের কিছু পরিবর্তন আনতে হবে।’
তিনি বলেন, ‘আগামী এক বছরে আমাদের অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ এবং অ্যাশেজ ফিরিয়ে আনার একটা সুযোগ আছে। ইংল্যান্ড দলের হয়ে একটা ট্রফি তুলে ধরাটা হবে খুবই সম্মানজনক ব্যাপার এবং গত এক বছরে যা ঘটেছে তা ভুলে যাওয়া বা তা থেকে বেরিয়ে আসা সম্ভব।’
খেলোয়াড় হিসেবেই কেবল নয়, অন্য যেকোন উপায়ে হলেও ইংল্যান্ড দলকে সাহায্য করতে চান তিনি। এই ক্রিকেটার মনে করছেন, দলের সাথে থাকলে তাতে তরুণ ক্রিকেটারদের অনেক উপকার হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি দলের সকল তরুণ খেলোয়াড়দের আমি সাহায্য করতে পারি যা তাদের খেলার মানকে আরো উন্নত করবে। দলের মিডল অর্ডারে একজন ভাল করলে তার পাশে থাকা অন্যরাও উপকৃত হবে।’ ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে দলের বাজে পারফরম্যান্সকেই সামনে নিয়ে আসলেন কেপি, ‘লক্ষ্য করুন ইয়ান বেল এই মুহূর্তে ধুকছে। আমি জানি জো রুট তার ব্যাটিং নিয়ে ভাবে এবং সে একজন সুপারষ্টার হতে যাচ্ছে। আমি তার সঙ্গে কাজ করেছি এবং সেই কাজটা অব্যাহত থাকলে খুবই ভাল হবে।’
যদিও জো রুট ও ইয়ান বেলের মতো ব্যাটসম্যানদের প্রতি এখনই ইংল্যান্ডের আস্থা হারানো উচিত হবে না বলেই মনে করছেন পিটারসেন। আর নিজে যদি দলে আবারও সুযোগ পান তাহলে দলকে শতভাগ দেয়ারই চেষ্টা করবেন কেপি। এই ব্যাপারে তিনি বলেন, ‘অনুশীলনে এবং মাঠে সব সময়ই আমি শতভাগ ইংল্যান্ড দলকে উজাড় করে দিয়েছি এবং কে জানে হতে পারে ভিন্নভাবে ড্রেসিং রুমেও আমি অন্যদের সাহায্য করতে পারি।’
ব্রিটিশ গণমাধ্যমগুলো অনুমান করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক্ষেপেছে অ্যালিস্টার কুকের উপর। শীঘ্রই অধিনায়কত্ব তো বটেই, দলে জায়গাও হারাতে পারেন এই ক্রিকেটার। তাই, সব মিলিয়ে কেভিন পিটারসেনের জন্য আবারও টেস্ট দলের দরজা খুলে যেতে পারে।
আর তাই টানা দশটি টেস্ট জয় না পাওয়া ইংল্যান্ড দল হয়তো কেপিকে ডেকে ফেলতেও পারে! বাসস/ওয়েবসাইট