প্রত্যেকের শান্তি ও নিরাপত্তার অধিকার আছে :ড. ইউনূস
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২২:৩৩
শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেখানেই বসবাস করুক না কেন প্রতিটি মানুষের শান্তি ও নিরাপত্তার অধিকার রয়েছে। মিয়ানমার সফরের শেষদিনে গত সোমবার রাজধানী নেপিডোতে দেশটির মন্ত্রী ও এমপিদের সঙ্গে এক শীর্ষ বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে শান্তিতে নোবেল জয়ী দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি, এমপিসহ শতাধিক প্রতিনিধি অংশ নেন। মিয়ানমার ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে তিন দিনের সফরকালে দেশটির উন্নয়নে সামাজিক ব্যবসার সম্ভাবনা ও ভূমিকা নিয়ে সরকার, সুশীল সমাজ এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, প্রচুর বিনিয়োগ ও অনুদান মিয়ানমারে এসেছে। দেশটির শুধু সমাজের উঁচুতলার কিছুসংখ্যক মানুষেরই উন্নতি নয় বরং তৃণমূলের অগণিত মানুষের ভাগ্য পরিবর্তনে এ অর্থ কাজে লাগানো যেতে পারে। গতকাল বুধবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈঠকে এনএলডির এমপি ইউ উইন এইচতেইন বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সমস্যা আছে। এ ছাড়া রাখাইন রাজ্যে বৌদ্ধদের সঙ্গে রোহিঙ্গা মুসলিমদের সংঘাত হয়। যাদের আদি বাসস্থান বাংলাদেশে। এ বিষয়ে মতামত জানতে চাইলে ড. ইউনূস বলেন, প্রতিবেশী দুই দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক সুসম্পর্ক আছে। মিয়ানমারের অভ্যন্তরে বসবাসকারীদের মানবাধিকার রক্ষায় কাজ করার জন্য দেশটির এমপিদের প্রশংসা করেন তিনি।
একই দিন বিকালে ইয়াঙ্গুনে তরুণ শিক্ষার্থী, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. ইউনূস। তিনি বলেন, বড়দের পথ দেখানোর জন্য অপেক্ষা করো না। একে অন্যের সম্প্রদায়ের প্রতি ভুল-ধারণা ও ধর্মের দেয়াল ভাঙতে হবে। অনুষ্ঠানে রোহিঙ্গা সম্প্রদায়ের তরুণ নারী প্রতিনিধি যোগ দেন।