আজরাইলের মতো আচরণ করছে ইসরাইল :নাসিম
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২২:৩৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনীর নিরীহ মানুষকে বর্বরোচিত হত্যার মাধ্যমে ইসরায়েল আজরাইলের মতো আচরণ করছে। ফিলিস্তিনের হতাহত মানুষের চিকিত্সার জন্য ১৪ দলের পক্ষ থেকে চিকিত্সক ও ওষুধ পাঠানো হবে।
গতকাল বুধবার রাজধানীর শেরে বাংলানগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে সবুজায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৭ আগস্ট ৬ হাজার নতুন ডাক্তার নিয়োগ দিতে যাচ্ছি। সবাইকে বলে দিয়েছি ২ বছরের আগে কোন কথা শুনবো না। প্রয়োজনে নিজ জেলা-থানায় পোস্টিং নিতে পারেন। ডাক্তারদের পদোন্নতির বিষয়ে ঈদের পর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সকল সেবালয়ের ডাক্তারের অভাব পূরণ করা হবে। কারণ আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে হবে।
মোহাম্মদ নাসিম বলেন, আমি সব সময় বলেছি অহেতুক ডাক্তারদের আঘাত করা যাবে না। কারণ কোন ডাক্তার ইচ্ছাকৃতভাবে রোগীর ক্ষতি করতে পারে না। ডাক্তারদের বলবো রোগীদের জিম্মি করে ধর্মঘট করবেন না। ধর্মঘট ছাড়া অন্য পন্থায় আন্দোলন-প্রতিবাদ করুন, আমরা বিবেচনা করে দেখবো। ড্রাগ আইন পরিবর্তন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় সুপারিশ থাকলে আমরা আইন মন্ত্রণালয় অথবা সংসদকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করতে পারি। ভেজাল ওষুধ বিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত অভিযান চলছে, সাজাও হচ্ছে। প্রয়োজনে এই অভিযান আরো জোরদার করা হবে। ঈদে হাসপাতাল ডাক্তার শূন্য থাকে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সকল হাসপাতালকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জালাল আহমেদ। এর আগে বেলা পৌনে ৪টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে স্বাস্থ্যমন্ত্রী একটি বকুল চারা রোপণ করেন। পরে তিনি হাসপাতালটির শিশু বিভাগ উদ্বোধন করেন।
বাংলাদেশ থেকে ওষুধ নিতে চায় ভুটান
বাংলাদেশ থেকে সরকারের সহায়তায় ওষুধ আমদানীর আগ্রহ প্রকাশ করেছে ভুটান। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত্কালে ভুটানের রাষ্ট্রদূত অন পেমা কোডেন এই আগ্রহের কথা ব্যক্ত করেন। ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং ওষুধ শিল্পের গুণগত মানের প্রশংসা করে বলেন, ভুটান বাংলাদেশ থেকে সরকারের মাধ্যমে ওষুধ নিতে চায়। তিনি বাংলাদেশে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভুটানের শিক্ষার্থীদের অধ্যয়নের কথা উল্লেখ করে আগামীতেও চিকিত্সা শিক্ষায় বাংলাদেশের এই সহযোগিতা অব্যাহত রাখতে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেন।