মহাসড়কে দুই দুর্ঘটনায় ১২ ঘণ্টা যানজট

ঈদের আগে ও পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে যানজট মুক্ত রাখতে প্রশাসনের নানা প্রচেষ্টা অব্যাহত থাকলেও মহাসড়কের কুমিল্লা অংশে যানজট যেন কিছুতেই ছাড়ছে না। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলায় পৃথক ২টি দুর্ঘটনায় ১২ ঘন্টা যানজট দেখা দেয় মহাসড়কের কুমিল্লা অংশের ৩০ কিলোমিটার ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন ২০ কিলোমিটার এলাকা জুড়ে। দাউদকান্দি, ইলিয়টগঞ্জ ও গজারিয়া হাইওয়ে পুলিশের দীর্ঘ সময় চেষ্টার পর দুপুর ১টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার রাত সোয়া ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান বিকল হয়ে গেলে উভয় পাশে যানজটের সূত্রপাত ঘটে। বুধবার সকালে একই মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর উপর ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরও একটি যানজটের সৃষ্টি হয়। পৃথক ২টি ঘটনায় মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলাধীন মাধাইয়া থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন ভবেরচর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এসময় যাত্রীবাহী বাস, রোগীবাহী অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লং ভেহিক্লসহ হাজারও যানবাহনকে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে দেখা যায়।