ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে স্কুলছাত্র অপহরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে এক স্কুল ছাত্রকে মোটরসাইকেলসহ অপহরণের পর ১০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনার পর বুধবার সকালে অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর নাম জামিল হোসেন (১৭)। সে ফতুল্লার বক্তাবলী কানাইনগর এলাকার আব্দুল আজিজের ছেলে। বক্তাবলী উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে জামিল। জামিল জানান, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহর থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি যাওয়ার পথে বক্তাবলী খেয়াঘাটে কয়েকজন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে মোটর সাইকেলসহ শহরের দিকে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে ঘুরিয়ে আমার বাবার ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে ১০হাজার টাকা মুক্তিপণ চায়। পরে বিকাশ নাম্বারে তাদের দাবিকৃত টাকা পরিশোধ করলে মধ্যরাতে আমাকে ছেড়ে দেয়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ৪ জন অজ্ঞাত দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। দুষ্কৃতকারীদের ধরতে অভিযান চলছে।