গার্মেন্টস সংস্কারে অ্যালায়েন্সের ১০ কোটি ডলারের কার্যক্রম
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২২:৫০
বাংলাদেশের গার্মেন্টস কারখানার অগ্নি ও ভবনের কাঠামোগত নিরাপত্তায় দীর্ঘ মেয়াদে সহায়তা কার্যক্রম চলমান রেখেছে উত্তর আমেরিকার ক্রেতাদের সমন্বয়ে গঠিত কারখানা পরিদর্শন জোট অ্যালায়েন্স ফর ওয়ার্কার্স সেফটি ইন বাংলাদেশ বা অ্যালায়েন্স। এ লক্ষ্যে তারা ১০ কোটি মার্কিন ডলার ব্যয়ের কার্যক্রম শুরু করেছে।
বাংলাদেশে অ্যালায়েন্সের কার্যক্রমের এক বছর পূর্তি উপলক্ষে গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
বর্তমানে অ্যালায়েন্সের কারখানা পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ২৪০ কারখানাকে সংস্কারের জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। আর বড় ধরনের নিরাপত্তা ত্রুটির কারণে ৫টি কারখানা বন্ধ এবং অপর ৫টি স্থানান্তরের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে।
অ্যালায়েন্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১০ কোটি ডলারের তহবিল থেকে সংস্কার চলছে এমন কারখানা কর্তৃপক্ষকে প্রয়োজনের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।