খুলনায় অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে শোকজ করলেন যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওয়াপাড়ার স্টেশন বাজার থেকে নূরবাগ পর্যন্ত হেঁটে পরিদর্শন করেন। এসময় তিনি রাস্তার বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মহাসড়কগুলো সংস্কার করতে ব্যর্থ হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছেন। পাশাপাশি যশোরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দার, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ সাইফুদ্দিন ও কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মেহেদী খানকে তিনদিনের মধ্যে যশোর-খুলনা মহাসড়ক সংস্কার সম্পন্ন করার অতিরিক্ত দায়িত্ব দেন যোগাযোগমন্ত্রী । মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।