খালেদা জিয়ার ওমরাহ পালন
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২২:৫১
পবিত্র ওমরাহ পালন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত সোয়া একটার দিকে নবনির্মিত মাতাফ ব্রিজের দ্বিতীয় তলা দিয়ে সফর সঙ্গীদের নিয়ে তাওয়াফ শুরু করে রাত তিনটার দিকে ওমরাহ পালন সম্পন্ন করেন খালেদা জিয়া।
বিএনপির একটি সূত্র জানায়, নিরাপত্তার কারণে ঢাকা থেকে আগত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, স্থানীয় সাংবাদিক, নেতাকর্মীদের তাওয়াফের স্থানে প্রবেশ করতে এবং ছবি তুলতে দেয়া হয়নি। ওমরাহ আনুষ্ঠানিকতা সেরে খালেদা জিয়া, তারেক রহমান এবং তাদের সফর সঙ্গীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে সৌদি রয়েল প্যালেসে ফেরেন তারা। দেশে ফেরার আগ পর্যন্ত সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে সেখানেই তারা অবস্থান করবেন। বেগম খালেদা জিয়া লাইলাতুল কদর পালনের পর দেশে ফিরবেন।
এর আগে গত তিন দিন মদিনার মসজিদে নববীতে ইবাদত বন্দেগিতে কাটান খালেদা জিয়া। সোমবার আসর থেকে এশার নামাজ পর্যন্ত তিনি মসজিদে নববীতে ছিলেন। মঙ্গলবার ইফতার ও মাগরিবের নামাজ শেষে বিমানযোগে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা মদিনা থেকে মক্কায় পৌঁছেন। বিমানবন্দরে তাকে মক্কা ও জেদ্দা বিএনপির নেতাকর্মীরা স্বাগত জানান।