গাজায় হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২০:৪৭
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নরসিংদী
সুন্নী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ধর্মপ্রাণ মুসলমানসহ শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা মোড় নরসিংদী প্রেসক্লাবের সামনের রাস্তায় পৌঁছে মানববন্ধন কর্মসূচীতে মিলিত হয়। হাজী শাহাবুদ্দিনের নেতৃত্বে মানববন্ধন শেষে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আশরাফুল আলম, মো: নূর হোসেন মিন্টু সরকার, ফরহাদ কাউছার, আরিফ মিয়া, মনির হোসেন, মাছুম সরকার, শাহেদ সরকার, আক্তারুজ্জামান প্রমুখ।
বক্তাগণ মানবতাবিরোধী, উগ্রবাদী, খুনী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে শান্তি ও মানবতায় বিশ্বাসী সকল মানুষকে মুক্তির সঠিক পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রংপুর
গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাসদ ছাত্রলীগ রংপুর মহানগর শাখা। রংপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে মহানগর জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত আল রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাব্বির আহাম্মেদ, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুল হক পাপ্পু, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, মহানগর জাসদের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।
কাউখালী (পিরোজপুর)
কাউখালীতে নাগরিক সমাজের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ সমাবেশে সর্বস্তরের মানুষ অংশ নেন। শেষে সমাজ সেবক আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাউখালী মহাবিদ্যালয়ের প্রভাষক মো. হুমায়ুন কবির, শিক্ষক সুব্রত রায়, মো. হাবিবুর রহমান, ছাত্রলীগের নেতা মাহফুজুর রহমান শাওন, ছাত্রনেতা কামরুল হাসান পলাশ, সাংবাদিক মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা গাজায় মুসলমান হত্যা ও বর্বরতা বন্ধের আহ্বান জানিয়ে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধভাবে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
গৌরনদী (বরিশাল)
ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে টরকী বন্দর তহসিল অফিস জামে মসজিদ কমপ্লেক্সে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. মোবারক হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাসেল), মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক জামাল শিকদার, কালকিনি উপজেলা শাখার সভাপতি আবু সায়েদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির গৌরনদী উপজেলা সভাপতি আব্দুস সোবহান, বাংলাদেশ শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদ হোসেন। বক্তারা ইসরাইল ইহুদিদের পণ্য বর্জনের ঘোষণা দেন। শেষে বর্বর ইহুদি কর্তৃক ফিলিস্তিনি মুসলমান ভাই-বোনদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
ছাগলনাইয়া (ফেনী)
ছাগলনাইয়া পৌর শহরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজামান মার্কেটের সামনের মেইন রোড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে কলেজ রোড কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন ফারুকীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মুজিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য অধ্যাপক মাওলানা আবদুর রউফ, পৌর জামায়াতের আমীর মাওলানা পেয়ার আহাম্মদ মজুমদার, উপজেলা উত্তর শিবির সভাপতি মোঃ জুলফিকার আলী ও সাথী শাখার সেক্রেটারী হাফেজ মোঃ মনজুরুল ইসলাম।