মেহেরপুরে ৩ হেরোইনসেবীর কারাদণ্ড : পৌর প্যানেল মেয়রের জরিমানা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২০:৪৯
মেহেরপুরে হেরোইন সেবনের অপরাধে একজনের একবছর ও দু’জনের ছয় মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা দেয়ার অভিযোগে পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপনের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ দিনের কারাদণ্ড দেয়া হয়। মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন বৃহস্পতিবার সকালে শহরের ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন। জানা গেছে, মেহেরপুর প্রাণীসম্পদ অফিস চত্বরে বসে হেরোইন সেবনকালে শহরের ঘোষপাড়ার সবির চন্দ্রের পুত্র রাজকুমার ও কাজি অফিসপাড়ার হিরক মিয়া এবং মল্লিকপাড়ার শাহীকে আটক করে সদর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত দোষী সাব্যস্ত করে শাহীকে একবছর এবং রাজকুমার ও হিরককে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেন।