ঈদের আগে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হলো ডিএসই’র লেনদেন

ঈদের আগে শেয়ার বাজারের সর্বশেষ লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই শেষ হলো। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই’র তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল বড় মূলধনী কোম্পানিগুলো ঘিরে লেনদেন ও দর বাড়ার প্রবণতা ছিল বেশি। আর মোট লেনদেনের প্রায় ৫৫ ভাগই হয়েছে শীর্ষ ১০ কোম্পানি ঘিরে। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে ছিল গ্রামীণ ফোন। দর বৃদ্ধি ও লেনদেনের ক্ষেত্রে এ কোম্পানিটি ছিল শীর্ষস্থানে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ৬২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৫৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৬৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৭ কোটি ৭২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২০৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের। এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, মূলধন বাড়াতে সাব অর্ডিনেটেড বন্ড ছাড়বে সাউথইস্ট ব্যাংক। এটি নন-কনভারটেবল বা শেয়ারে রূপান্তরযোগ্য হবে না। বন্ডের আকার ৩০০ কোটি টাকা। বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এ বিষয়ে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীদের সম্মতি নেয়া হবে। বিনিয়োগকারীদের সম্মতির পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি নেয়া হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।