এখনো সেরাটা দৌড়ানোর অপেক্ষায়!

অলিম্পিকে ছয় বারের স্বর্ণজয়ী উসাইন বোল্ট এবং তার কোচ গ্লেন মিলসের বিশ্বাস জ্যামাইকান সিপ্রন্টারটি আরও দ্রুত গতিতে দৌড়াতে পারবেন। ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপ এবং ২০১৬’র রিও ডি জেনেরিওর গ্রীষ্মকালীন অলিম্পিককে সামনে রেখে দু’জনে এই অভিমত দেন। বোল্ট বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপে ১০০ মিটারে ৯ দশমিক ৫৮ এবং ২০০ মিটারে ১৯ দশমিক ১৯ সেকেন্ডে দৌড়িয়ে যে বিশ্ব রেকর্ড গড়েন তাও পাঁচ বছর হয়ে গেল। তার মধ্যে পায়ে ছোট একটি অস্ত্রোপচার এবং হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থাকায় এই তারকা দৌড়বিদের জন্য এবারের মৌসুমটা একটু দেরিতেই শুরু হয়েছে। মার্চ মাসে পায়ে অস্ত্রোপচার করায় দীর্ঘকায় বোল্ট নয় সপ্তাহ অনুশীলন করতে পারেননি। কিন্তু বোল্ট এ কথা মানতে রাজি নন যে তিনি এখন তার অতীতের ছায়া। বরং এমনতর সমালোচনাকে অগ্রাহ্য করে গ্লাসগোতে অনুষ্ঠানরত কমনওয়েলথ গেমসের সিপ্রন্ট রিলেতে নিজের সেরাটা তুলে আনতে নিজেকে প্রস্তুত করছেন এই দ্রুততম মানব। জ্যামাইকার কিংসটনে অনুশীলন কেন্দ্রে বোল্টের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের সেরাটা পেছনে ফেলে এসেছেন কি-না? এমন প্রশ্নের উত্তরে বোল্ট বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি না। এটা আসলে নিজেকে একান্তভাবে নিবেদনের বিষয়। প্রতি বছরই আমি মৌসুমের কিছুটা সময় ইনজুরিতে আক্রান্ত হচ্ছি। তাই এখন আমার মূল লক্ষ্য ইনজুরিমুক্ত থাকার চেষ্টা করা, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজেকে আরও মেলে ধরার চেষ্টা চালানো এবং অন্য কিছু দ্বারা বিভ্রান্ত না হওয়া।’ বর্তমানে ২৭ বছর বয়সী এই সিপ্রন্টারটি বলেন, ‘আসন্ন মৌসুমে আমি স্পন্সরভিত্তিক কিছু কাজ কমানোর চেষ্টা করবো। চেষ্টা চালাবো এ ব্যাপারগুলো যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখার। তখন নিজেকে আরও বেশি মনোযোগী করতে পারবো। এতে কাজ করার জন্য অধিক সময় পাবো, ফিট থেকে নিজেকে মেলে ধরতে পারবো।’ কোচ মিলসও মনে করেন বোল্ট আরও দ্রুত গতিতে দৌড়াতে পারবেন। বোল্টকে অলিম্পিকে ছয়টি স্বর্ণপদক জেতানোর পাশাপাশি ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত রেকর্ড ১০টি বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপের পদক জেতানো এই কোচ তার দীর্ঘদিনের শিষ্য সম্পর্কে বলেন, ‘আমি বলবো না যে, আমরা তার সেরাটা দেখে ফেলেছি। ইনজুরিতে বাঁধাগ্রস্ত না হলে, আমি মনে করি সে আরও দ্রুত গতিতে সক্ষম।’ ফর্মে থাকা আমেরিকান সিপ্রন্টার জাস্টিন গ্যাটলিনের সঙ্গে এবারের মৌসুমে দুর্দান্ত একটি দ্বৈত লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বোল্ট। এ ব্যাপারে তিনি বলেন, ‘লড়াইটা হবে বলে আমি মনে করি না। আমি এখন ফিরে আসছি মাত্র; নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছি। কেবল ভক্তদের জন্যই কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।’ বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপে রৌপ্যজয়ী যুক্তরাষ্ট্রের গ্যাটলিন চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন। এবারের মৌসুমে ১০০ মিটারে নয় দশমিক ৮০ সেকেন্ড নিয়ে নিজের সেরা টাইমিং করেছেন তিনি। এছাড়াও ২০০ মিটারে সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৮ সেকেন্ড। গ্যাটলিনের এমন পারফরম্যান্স নিয়ে তেমন উদ্বিগ্ন নন বোল্ট, ‘সত্যিকার অর্থে আমি উদ্বিগ্ন নই। আমার ধারণা সে তার কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমিও নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছি। এই মৌসুমে যা প্রয়োজন তা পেতে নিজেকে মেলে ধরার চেষ্টা করছি এবং পরবর্তী মৌসুমের দিকে তাকিয়ে আছি। কমনওয়েলথ গেমসের মধ্যদিয়ে শুরু হচ্ছে চোট কাটিয়ে ফেরা বোল্টের এবারের সংক্ষিপ্ত মৌসুম। আজ শুক্রবার স্কটল্যান্ডের উদ্দেশ্যে জ্যামাইকা ছাড়বেন তিনি। ১ আগস্ট গ্লাসগোয় চার গুণীতক একশ মিটার রিলেতে অংশ নেবেন তিনি। পরবর্তী ছয় সপ্তায় আরও চারটি প্রতিযোগিতায় ১০০ মিটারে সিপ্রন্টে দৌড়ানোর কথা আছে তার।