খালিয়াজুরীতে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল কিশোরী
খালিয়াজুরি (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২১:৪৩
স্থানীয় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৫ বছরের এক কিশোরী। কিশোরীর নাম শান্তনা রানি বর্মন। সে উপজেলার নয়াপাড়া গ্রামের রাখাল বর্মনের মেয়ে। বৃহস্পতিবার রাতে তার বিয়ে হওয়ার কথা ছিল।
জানা গেছে, কিশোরীর অভিভাবকরা পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার বামেরচর গ্রামের কাচু চন্দ্র বর্মনের ছেলে হেমেন্দ্র চন্দ্র বর্মনের সঙ্গে তার বিয়ে ঠিক করে। বৃহস্পতিবার রাতে তার বিয়ের আয়োজন করা হয়। যথারীতি বরযাত্রীসহ বরও আসে। কিন্তু এরই মধ্যে বাল্যবিয়ের খবর পৌঁছে যায় উপজেলা প্রশাসনের কাছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটনের নির্দেশে পুলিশ গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেয়। ফলে ভেস্তে যায় বিয়ের সব আয়োজন। জানা গেছে, ওই কিশোরী খালিয়াজুরী সদরের সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর জেএসসি পাস করে।