ঝুঁকিপূর্ণ ভবনে চৌমুহনী এল এস জি ডাকঘর
চৌমুহনী(নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২১:৪৪
পাক আমলে নির্মিত ব্যবহার অনুপযোগী ভবনে চৌমুহনী(এল এস জি) ডাকঘরের স্টাফরা জীবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনেক পূর্ব থেকে অবহিত করা হলেও ব্যাপারটি কারো কর্ণ গোচর হচ্ছে না। এতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।
চৌমুহনী ডাকঘর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শতাব্দীর ষাটের দশকের মাঝামাঝি সময়ে চৌমুহনী(এল এস জি) ডাকঘর ভবন নির্মিত হয়। দীর্ঘ বছর ভবনটির কোন সংস্কার কাজ না হওয়ায় ভবনের ছাদ টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়ছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বৈদ্যুতিক ওয়ারিং জ্বলে যাওয়ায় বিদ্যুত্ লাইন বিপজ্জনক অবস্থায় রয়েছে। স্টাফদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পার্শ্ববর্তী পুকুরের পাড় ভেঙ্গে ভবনের ওয়ালের সাথে মিশে গেছে। এতেও ভবনটি ভেঙ্গে পড়তে পারে। পোস্ট মাস্টারের সরকারি আবাস বেদখল হওয়ায় দৈনিক বাড়ি থেকে আসতে হয়। ফলে ডাকঘরের কাজে বিঘ্ন ঘটে থাকে। পোস্ট মাস্টার খোরশেদ আলম জানান, ডাকঘরের ঝুঁকিপূর্ণ অবস্থার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনেকবার লিখিত জানানো হয়েছে।