বলাকা ভবনে বিমান কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২১:৪৮
আধুনিক ও বাস্তবসম্মত জনবলকাঠামো তৈরি ও বাস্তবায়নসহ ১৪ দফা দাবিতে রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির সিবিএ নেতৃত্বাধীন শ্রমিক ও কর্মচারীরা। এ সময় বিমানের কোনো কর্মকর্তাকে সংস্থার সদরদপ্তর বলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি। অবস্থান কর্মসূচি চলাকালে বিমান শ্রমিক লীগের (সিবিএ) সভাপতি মশিকুর রহমান বলেন, এরপরও দাবি মানা না হলে আগামী ৬ আগস্ট সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত বলাকা অফিসের সব প্রশাসনিক কাজ বন্ধ থাকবে।
এর আগে একই দাবিতে গত ৩০ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও ৩ জুলাই চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে আন্দোলনরত কর্মীরা। বিমানের শ্রমিক-কর্মচারীদের ১৪ দফা দাবির অন্যগুলো হলো বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রম রক্ষায় অতিসত্বর প্রয়োজনীয় জনবল নিয়োগ, সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রের পোশাকের (ইউনিফর্ম) ভাতা চালু, পাঁচ বছরের বেশি কর্মরত সব অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, অন্যান্য শাখার মতো বিএফসিসির কর্মচারীদের ভবিষ্যত্ তহবিল ব্যবস্থা চালু, পরিপূর্ণ চিকিত্সা-সুবিধা, কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বেতনের ২৫ ভাগ টাকা কেটে রাখার নিয়ম বাতিল, গোষ্ঠী বিমার ব্যবস্থা, মহার্ঘ্য ভাতা ১ জুলাই থেকে কার্যকর প্রভৃতি।
প্রসঙ্গত, গত বছর জানুয়ারির শেষ সপ্তাহে ছয় দফা দাবিতে বিমানকর্মীরা সংস্থার তত্কালীন ভারপ্রাপ্ত এমডি মোসাদ্দেক আহমেদকে অবরুদ্ধ করে রাখেন। সে সময় দাবি পূরণ না হওয়ায় তারা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বন্ধ করে দেন। ফলে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত আট ঘণ্টা অচল থাকে।