ঈদ বাজার নিয়ে ঝগড়া কলেজছাত্রীর আত্মহত্যা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২১:৪৯
গুলশানের শাহজাদপুরে ঈদের কেনাকাটা নিয়ে মনোমালিন্য হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে জেরিন ইসলাম বৃষ্টি নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গুলশান থানা সূত্রে জানা গেছে, শাহজাদপুরের প্রগতি সরণিতে সুবাস্তু নজর ভ্যালির ১নম্বর টাওয়ারে একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বৃষ্টি বসবাস করত। বুধবার সন্ধ্যায় ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে পরিবারের অন্য সদস্যের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বৃষ্টি। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, বৃষ্টি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। বৃষ্টির বাবার নাম জহিরুল ইসলাম। তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ীতে।
এদিকে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তেজগাঁও রেলস্টেশনের রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন। অজ্ঞাত পরিচয়ের এ ব্যক্তির লাশ বর্তমানে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।