কলম্বো টেস্ট

জয়াবর্ধনেই পথ দেখাচ্ছেন লঙ্কাকে

এই টেস্ট জিতলেই এক নম্বর, এই টেস্ট ড্র করলেও ২১ বছর পর শ্রীলঙ্কায় সিরিজ জয়; এমন সমীকরণ নিয়ে যেমন দরকার, তেমনই দাপটের সঙ্গে কলম্বো টেস্ট শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দিনের শুরুতেই ডেল স্টেইনের সেই তোপ সামাল দিয়ে রেকর্ড গড়া আরেকটু সেঞ্চুরি করে দলকে আস্তে আস্তে টেনে তুলছেন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। জয়াবর্ধনের ১৪০ রানের অপরাজিত ইনিংসে ভর করে কলম্বো টেস্টে গতকাল প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০৫ রান তুলেছে শ্রীলঙ্কা। স্টেইন দুটি উইকেট নিয়ে এবং অসামান্য বল করে বুঝিয়ে দিয়েছে, জয়াবর্ধনের পাশাপাশি আরও একবার নায়ক হতে প্রস্তুত তিনিও। কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড অনেক আগেই এই কলম্বোর এসএসসিতে করে রেখেছেন জয়াবর্ধনে। গতকাল সেই রেকর্ডটা আরও বড় করলেন। এসএসসিতে গতকাল প্রথম শ্রেণির পাঁচ হাজার রান পার করে গেলেন। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ এখানে যে টেস্ট খেলেছিলেন, তাতেও ৩৭৪ রানের ইনিংস খেলেছিলেন; যেটি ডানহাতি ব্যাটসম্যানের সেরা স্কোর। এসব পরিসংখ্যান দেখে মনে হতে পারে, জয়াবর্ধনের সেঞ্চুরিটা একেবারে ছেলের হাতের মোয়া ছিল। আসল চিত্রটা বলা যায় একেবারেই ভিন্ন ছিল। অন্তত সকালের সেশনে এসএসসির এই ব্যাটিং উইকেটকেই মাইনফিল্ড বানিয়ে ফেলেছিলেন স্টেইন। একেবারে দিনের শুরুতে আর্দ্রতা ও বাউন্স কাজে লাগিয়ে একের পর এক শর্ট বল ও মুভমেন্ট দিয়ে গলের মতোই ব্যাটসম্যানদের নড়বড়ে করে ফেলেছেন। স্কোরকার্ড কিছুটা সাক্ষ্য দিচ্ছে সেই সময়ের। মাত্র ১৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গকাকে পঞ্চম ওভারেই ফিরিয়ে দেন স্টেইন। আর পরের বলে পুরো ক্রিকেট বিশ্বকে বিস্মিত করে এই এসএসসির তো বটেইম পৃথিবীর যে কোনো মাঠেরই ব্যাটিং মাস্টার কুমার সাঙ্গাকারাকে শর্ট বলের শিকার করে ফেরান। খুবই দুর্বল পুল করতে গিয়ে ‘গোল্ডেন ডাক’ নিয়ে ফেরেন সাঙ্গা। আর এর পরই স্পিনারদের হাতে পেয়ে প্রতিরোধ ও প্রতি আক্রমণের পশরা সাজান জয়াবর্ধনে। কুশল সিলভা ও অ্যাঞ্জোলো ম্যাথুসের সঙ্গে পরপর দুটি অসাধারণ জুটি করে স্বাগতিকদের আশা জিইয়ে রাখেন। কুশলের সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ৯৯ রান। তরুণ ওপেনার কুশল ৪৪ রান করে ফেরার পর বর্তমান অধিনায়ক ম্যাথুসের সঙ্গে ১৩১ রানের এক জুটি করেন জয়াবর্ধনে। ম্যাথুস ৬৩ রান করে ফেরার পর ভিতানাগের অবশ্য খুব একটা সঙ্গ দিতে পারেননি। তাতে জয়াবর্ধনের লড়াই খাটো হয়নি। শেষ পর্যন্ত ২২৫ বল সামলে ১৬টি চার ও ১টি ছয়ে সাজানো ১৪০ রানের অপরাজিত ইনিংস নিয়েই প্যাভিলিয়নে ফিরেছেন। ইঙ্গিত দিচ্ছেন আরেকটি বড় ইনিংস খেলার। সেটা হলে শ্রীলঙ্কানদেরও মান বাঁচে। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩০৫/৫ (থারাঙ্গা ১১, কুশল ৪৪, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ব্যাটিং ১৪০, ম্যাথুস ৬৩, ভিতানাগে ১৩, নিরোশান ব্যাটিং ১২; স্টেইন ২/৫৫, ফিল্যান্ডার ০/৩৩, মরকেল ১/৪২, তাহির ০/৯২, ডুমিনি ২/৫৮, এলগার ০/৫)।