প্রেক্ষাপট

প্রেক্ষাপটে সাড়ে চার হাজার বছর

মঞ্চে আলো পড়ে পাঁচ দশকের মুখে

বাংলার মাটির ভাঁজে মগ্ন পলিস্তর

বঙ্গোপসাগর থেকে উত্থান চিম্বুকে

বদ্বীপের বুক জুড়ে প্রাণের নহর

আটপ্রহর বাঙ্ময় দোয়েলে ডাহুকে

প্রাচীন সমাজবোধ আজও কার্যকর

নিসর্গ নন্দনবন কদমে কিংশুকে

 

মাঠের সবুজ এই ঢেউ চিরন্তন

কাদাজলে মাখা প্রেম হূদয়ে আদিম

বঙ্গের বন্দনা মনে মধুর বচন

প্রতিটি প্রভাত রাঙা প্রদোষ রক্তিম

কে আসেনি লুটে নিতে এ বাংলার ধন

পুবের সম্পদ কেড়ে বেড়েছে পশ্চিম