নিজ ভেন্যুতেই শেষ করছেন মাহেলা

মাহেলা জয়াবর্ধনের বিদায়কে আড়ম্বরপূর্ণ করার পরিকল্পনা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এ জন্য কিংবদন্তী এ ব্যাটসম্যানের বিদায়ী টেস্টটি তার নিজ মাঠ সিংহলীজ স্পোর্টস ক্লাবেই (এসএসসি) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। বোর্ডের সম্পাদক নিশান্থ রানাতুঙ্গা এ তথ্য জানান। জয়াবর্ধনে গত সপ্তাহে টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন। তিনি জানান, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিই হবে তার শেষ টেস্ট। পূর্বসূচি অনুযায়ী ১৪-১৮ আগস্ট অনুষ্ঠেয় এ টেস্টটি কলম্বোর পি সারা ওভালে হওয়ার কথা ছিল। রানাতুঙ্গা আরো জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা সাপেক্ষে পাঁচদিনের খেলাটি এখন এসএসসিতে আয়োজন করা হচ্ছে। শ্রীলংকা ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন। গতকাল কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হওয়া টেস্টটিতে সেঞ্চুরি হাকানো মাহেলার এটি হলো ১৪৬তম টেস্ট।-বাসস