আজ শেষ হচ্ছে লিগ
মোহামেডান চতুর্থ শেখ রাসেল ষষ্ঠ স্থানে
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২২:০২
গতবারের পয়েন্ট তালিকার দিকে তাকালে দেখা যায়, এবার মোহামেডানের এক ধাপ উন্নতি হয়ে পঞ্চম থেকে চতুর্থ হয়েছে। তার পরও হতাশ মোহামেডান সমর্থকরা। কারণ মোহামেডান চায় শিরোপা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য মোহামেডান এবার পেশাদার লিগের সপ্তম আসরেও চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রথম তিন আসরে হ্যাটট্রিক রানার্সআপ হয়েছিল। এর পরের আসরগুলোতে ক্রমেই নিচের দিকে নামছে মোহামেডান। গতবারের পঞ্চম মোহামেডান, এবার চতুর্থ স্থান নিয়ে লিগ শেষ করলো।
গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে লিগে নিজেদের শেষ ম্যাচে মোহামেডান ৩-০ গোলে ফেনীর সকার ক্লাবকে হারিয়ে জয় দিয়ে অভিযান শেষ করেছে। ২৭ খেলায় মোহামেডানের পয়েন্ট ৪৫। ১০ মিনিটে ওয়াহেদ, ৮১ মিনিট অরূপ বৈদ্য, ৯০ মিনিটে সিফাত গোল করেন। ফেনীর ক্লাবটি এবার ২৭ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থান পেয়ে রেলিগেশন ঠেকিয়েছে। অথচ এই ক্লাবটি এবারের ফুটবল মৌসুমে ফেডারেশন কাপে রানার্সআপ হয়েছিল।
নিটল টাটা পেশাদার লিগের সবচেয়ে খারাপ খবর হচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। গতবারের চ্যাম্পিয়ন এবার পাত্তাই পায়নি। লিগ শেষ করেছে ষষ্ঠ স্থান নিয়ে। তারকা ফুটবলারদের ছেড়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন বুনেছিল ক্লাব কর্মকর্তারা। তারা বুঝতে পারেনি লিগ শেষে দলের এমন দৈন্যতার ছবি ফুটে উঠবে। কোনো রকমে দল বাঁচানোই ছিল বড় লক্ষ্য। দেশি কোচ মারুফুল হককে চাকরিচুত করে বিদেশি কোচ এনেও কোনো লাভ হয়নি। ছয় নম্বর বেঞ্চে বসতে হলো শেখ রাসেল ক্রীড়া চক্রকে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেল নিজেদের শেষ ম্যাচ খেললো আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া শেখ জামালের সাথে। হার দিয়ে বিদায়ী ম্যাচ লিগ অভিযান শেষ হয়েছে শেখ রাসেলের। শেখ জামাল ধানমন্ডি ২-০ গেলে হারিয়েছে শেখ রাসেলকে।
৮৬ মিনিট পর্যন্ত শেখ জামালকে আটকে রেখে শেষ মুহূর্তে দুই গোল হজম করেছে অধিনায়ক বিপ্লবের দল শেখ রাসেল। ৮৭ ও ৯০ মিনিটে হাইতির ফরোয়ার্ড ওয়েডসন গোল করেছেন। শেখ জামাল ২৭ খেলায় ৬৪ পয়েন্ট নিয়ে এবং শেখ রাসেল ২৭ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে শেষ করলো ষষ্ঠ স্থান নিয়ে। ওয়েডসন কাল দুই গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তার গোলের সংখ্যা ২৬। কাজী সালাহউদ্দিন প্রথম বিভাগ ফুটবল লিগে ২৬ গোল করেছিলেন।
লিগ শেষ আজ
শেষ হয়ে যাচ্ছে আজ পেশাদার ফুটবল লিগ। মুক্তিযোদ্ধা এবং উত্তর বারিধারা ক্লাব শেষ ম্যাচে খেলবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল ৪টায়।