সাংবাদিক আহসানুল হাকিম টুটুলের ইন্তেকাল

অধুনালুপ্ত মাসিক সাহিত্য পত্রিকা ‘শৈলী’র সহকারী সম্পাদক, সিনিয়র সংবাদকর্মী আহসানুল হাকিম (টুটুল) (৫৪) গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পিজি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। টুটুল উচ্চরক্তচাপসহ ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি অকাল প্রয়াত বিশিষ্ট কবি নাসিমা সুলতানার স্বামী ছিলেন। গোপালগঞ্জ জেলার মকসুদপুরের সুন্দরদী গ্রামে তাকে দাফন করা হয়। আহসানুল হাকিম (টুটুল) আশির দশকের মাঝামাঝি মিনার মাহমুদ সম্পাদিত সাপ্তাহিক ‘বিচিন্তা’তে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে সহকারী সম্পাদক হিসেবে সাহিত্য পত্রিকা ‘শৈলী’তে যোগ দেন। এছাড়া তিনি পাক্ষিক ‘অনন্যা’ ‘শিল্পপ্রভা’সহ অন্যান্য ইলেক্ট্রনিক মিডিয়া এবং দৈনিক পত্রিকাসমূহে পরামর্শক হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব ?ওয়াহিদুল হকের ঘনিষ্ঠসহচর। সমপ্রতি তিনি ছায়ানট থেকে প্রকাশিত সনজীদা খাতুন সম্পাদিত ‘বাংলাদেশের হূদয় হতে’ পত্রিকাটিতে সহযোগী সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন। আহসানুল হাকিম টুটুল উন্নত রুচির প্রকাশক হিসেবে সুনাম অর্জন করেছিলেন। তাঁর প্রকাশনা সংস্থার নাম ‘ঋত্বিক’।