ক্যামেরন বাংলাদেশের সাফল্য থেকে শিখতে চান :পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২২:৪৪
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের সাফল্য থেকে শিখতে চান। গত কয়েক বছরে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে অভাবনীয় অগ্রগতি করেছে তা সরেজমিনে দেখতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লন্ডনে ১০ নম্বর ডাইনিং স্ট্রিটে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকে ডেভিড ক্যামেরন এ আগ্রহ ব্যক্ত করেন বলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ডেভিড ক্যামেরন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক, রাজনৈতিক ইস্যুতে ৪৫ মিনিট স্থায়ী বৈঠকে ডেভিড ক্যামেরন বেশ আন্তরিকতা ও উষ্ণতার সঙ্গে আলোচনা করেন। গত ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে ডেভিড ক্যামেরন বলেন, নির্বাচন হয়ে গেছে সেটা এখন অতীত। আমাদের সামনের দিকে এগুতে হবে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কাজ করতে চাই। পররাষ্ট্র মন্ত্রী জানান, বাংলাদেশ সফরের সময় সিলেট যেতে চান ডেভিড ক্যামেরন। প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ সফরের আগ্রহের জন্য ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নারীর ক্ষমতায়নে একজন বিশ্ব স্বীকৃত নেতা ও সরকার প্রধান হিসেবে গার্ল সামিট ২০১৪তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ ছিল অত্যন্ত সফল ও তাত্পর্যপূর্ণ। ডেভিড ক্যামেরন কন্যা শিশুর শিক্ষা ও অধিকার রক্ষায় নারীর অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শেখ হাসিনার দৃষ্টিভঙ্গীর প্রশংসা করেন। মৌলবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সাফল্য দেখিয়েছে।
শেখ হাসিনা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, জনগণের সম্মিলিত শক্তিই তার দৃষ্টিভঙ্গীর এবং সরকারের সাফল্যের মূল অনুপ্রেরণা।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত সম্প্রতি সিনেটের শুনানিতে যা বলেছেন তা মার্কিন সরকারের নয়, তার নিজস্ব মতামত। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার।