দিন আর রাতের একটা প্রেমকাব্য রচিত হবার দিন
মাঝে মাঝে স্বপ্নের মা বাবা এসে বসে থাকে
এক মাসে এক বিছানায় চাঁদ আর সূর্য
গ্রহণ লাগার দিন রাতের আঁধার খায়।
বৃষ্টির ঝুমুর তালে টিনের চালের ঝমঝম
আয় ঘুম আয় বাল্যকালে মায়ের চুম্বন
স্মৃতির অনন্ত ঠিকানায় খুঁজে আকাশের সীমানায়
মাঝে মাঝে বিদ্যুত্ চমকে ওঠে বুক কাঁপে বাল্যকাল।
সময় বদলে যায় সময় স্মৃতির খাতায় ছবিতে রং মাখে
কুয়াশার ভোর ঠাকুমার ওম লাগানো চাদরে
শুয়ে থাকে সাদা বেড়ালের মিউ কালো গাভীর দুধের
সর লুকিয়ে খেয়েছে আদুরে বেড়াল লেজ উঁচিয়ে আদর
এভাবেই স্বপ্নের বাবা মা দিন কাটে রাত কাটে
বড়শি ছিঁড়েছে বাস্তবের রুই কাতলের দল।