এ নদীটি এত কালো হয়ে আছে!
এর নৃতাত্ত্বিক পরিচয় হয়তো নিগ্রোই হবে
হাজার বছরে এটিকে কৃষ্ণকালো করেছে মানুষ
মরতে মরতে এ নদীর ঢেউও এখন উত্তাল হয় না
ঢেউগুলোও দেখতে হয় নিগ্রোদের কুঁকড়ানো চুল।
এ নদীর ভেতরে যে আত্মা
সেটি আফ্রিকার কালো মানুষদের মতোই শৃঙ্খলিত।
নদী আর মানুষের রমণে-মন্থনে
জীবনের যে প্রবহমানতা ছিল সেটি থেমে আছে
একজন আর একজন থেকে
জীবনের নির্যাস নিয়ে বেঁচেবর্তে ছিল।
আমি নদীকে নারী ভেবে কত করেছি সঙ্গম
নদীও স্নানরতা নারীর শরীর থেকে
শুষে নিত বিমূর্ত স্বর্গের স্বাদ।
কে বলে নদীর জীবন নেই?
বঙ্গ-ভারতে এখন জীবনের নিবন্ধন চলছে
ধ্বংসস্তূপের ভেতর থেকে আমরা জেগে উঠেছি।
বাংলার কালো কালো নদীগুলো যে কবে
নিগ্রোদের মতো ঘুরে দাঁড়াবে!