আমেরিকা কখনও ভালো কাজের সঙ্গে থাকে না
প্রকাশ : ২৪ জুলাই ২০১৪, ২২:৫৩
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমাদের অভিজ্ঞতা দিয়ে দেখেছি - আমেরিকা কখনো ভাল কাজের সঙ্গে থাকে না। গতকাল বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল হতে শাড়ি এবং গরীব দুঃস্থদের মধ্যে ভিজিএফ চাল, বয়স্ক ভাতা, কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গাজায় বর্বর হামলার নিন্দা করে তিনি বলেন, বোমা মেরে নির্বিচারে নারী-শিশুসহ শত শত মানুষকে হত্যা করা হচ্ছে। মসজিদগুলোতে লাশের স্তূপ পড়ে আছে। লাশের গন্ধে মসজিদে টেকা যায় না। এটা কে করছে, ইসরাইল। আর ইসরাইলকে কে সাহায্য করছে আমেরিকা। একাত্তরে আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয়, সেই যুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয়। আর দুই লাখ মা-বোন ইজ্জত হারায়। তখনও আমেরিকা পাকিস্তানের পক্ষ নিয়েছে।
কৃষিমন্ত্রী আরো বলেন, মানুষ মারা যাচ্ছে আর জাতিসংঘ বলছে আমরা এই বিষয়ে ভাবনা-চিন্তা করছি। ৭১ সালেও আমাদের ৩০ লাখ লোক মরার পরে তারা ভাবনা-চিন্তা করছিলেন। তাও পাকিস্তানের পক্ষে। জাতিসংঘের উদ্দ্যেশে মন্ত্রী বলেন, পৃথিবীর ছোট ছোট দেশগুলোই কিন্তু আপনাদের শক্তি। বড় দেশ আপনাদের শক্তি না। কাজেই যা ন্যায্য তার পক্ষে কথা বলেন। ন্যায় যা তার পক্ষে কথা বলেন। শান্তির পক্ষে কথা বলেন।