কক্সবাজারে বন্দুকযুদ্ধে ৪ পুলিশ ও ৩ ইয়াবা ব্যবসায়ী আহত

কক্সবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা, একটি কাটাবন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা ব্যবসায়ীদের ব্যবহূত জিপ গাড়িটিও জব্দ করা হয়। এ সময় এক এসআইসহ ৪ পুলিশ সদস্যও আহত হন। বুধবার দিবাগত রাত পৌনে ২টার সময় শহরের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকার ফজল আহমদের ছেলে ১২ মামলার পলাতক আসামি একরাম হোসেন, একই এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ ও ইসলামাবাদ এলাকার মৃত নূর হোসেনের ছেলে মো. ফারুক। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক দ্রব্য ও পুলিশের উপর হামলা আইনে কক্সবাজার সদর থানায় পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, গোয়েন্দা পুলিশের একটি দল মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় পুলিশও জীবন রক্ষার্থে গুলিবর্ষণ করে। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে অন্ধকারে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল হতে ৩ জনকে গ্রেফতার করা সম্ভব হয়। তিনি জানান, গ্রেফতারের পর গুলিবিদ্ধ একরামকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকীদের কক্সবাজারে চিকিত্সা দেয়া হচ্ছে।