আমার পৃথিবী সেই সূচনা থেকেই তীক্ষ্মধার
প্রতীকী বল্লম এক, নির্বিকার গাঁথছে আমাকে
বিচিত্র মাত্রায়; আর আমার নিজেরই রক্ত
ছলকে শুকিয়ে পিষে বদলে চলেছে তার রঙ
মৃত্যুকে দিয়েছি রুখে কতোবার হেরে যেতে যেতে
পরাজয় মানেনি সে, সুকৌশলে বাঁক বদলেছে
নবোদ্যমে ছিন্নভিন্ন করে গেছে আমার সময়
ভাবিনি আবার ফিরে পাবো সেই মনের ঐশ্বর্য
রক্তমাখা শিরে অকস্মাত্ বাজ ভেঙে পড়লেও
যা সম্পূর্ণ ভস্ম নয়, নির্বাপিত নয় আদ্যোপান্ত
সূক্ষ্ম সরু রেখার ভেতর থেকে বরং কিরণ
হতে থাকে উত্সারিত, আর নেয় উত্সব প্রস্তুতি
ফিরে পাচ্ছি অভিশাপ মুছে যাওয়া পরম সুস্থিতি
মনে হচ্ছে আমি এক আরণ্যক স্বয়ম্ভু স্বাধীন...