ব্যাকরণ জানা

পিউ : দাদু, কাল শ্রেণি পাঠে ব্যাকরণ নিয়ে আলোচনা হয়েছে। স্যার বলেছে, যে জানে না ব্যাকরণ তার পড়া অকারণ। তাই দাদু? দাদু : হেসে বললেন-কথাটা সত্য। ফুটবল খেলা দেখেছ নিশ্চয়। মাঠে দু দল খেলোয়াড় থাকে। রেফারি থাকে। তার হাতে বাঁশি থাকে। খেলা শুরু থেকে শেষ তার বাঁশির ফুঁতে হয়। ফাউল, হ্যান্ডবল সহ অনেক নিয়ম কানুন আছে সে খেলাতে। ভুল হলে রেফারি বাঁশি বাজায় । মেনে চলে সকলে। তাইতো আকর্ষণীয় ও অর্থপূর্ণ হয় খেলাটি। অর্ক : হ্যাঁ, আমরা তো বুঝতেও পারি। খেলাটি দেখে আনন্দও পাই। কিন্তু ব্যাকরণের সাথে খেলার সম্পর্কটি কী দাদু? দাদু : আছে। খেলাতে নিয়ম-কানুন আছে বলেই গোছালো হয়; সুন্দর ও আকর্ষণীয় হয়। ব্যাকরণও তেমনি ভাষার নিয়ম-কানুন। ভাষাকে সুন্দর ও আকর্ষণীয় করতে পথ দেখায়। ভাষাকে শুদ্ধরূপে প্রকাশ করতে শেখায়। তাই স্যার ও কথা বলেছেন। পিউ : ও। আবার স্যার বলেছে, যে শাস্ত্র ভাষাকে বিশ্লেষণ ও নিয়মসম্মত করে তাই ব্যাকরণ। অর্ক : আমাদেরকেও স্যার বলেছে, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে,পড়তে ও বলতে পারা যায় তাই ব্যাকরণ। দাদু : এই তো শিখেছো। তাহলে বলতে পারি: যে শাস্ত্র ভাষাকে বিশ্লেষণ করে সে ভাষাকে শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে শেখায় তাকে ব্যাকরণ বলে। অর্ক : শাস্ত্র কী, দাদু? দাদু : শাস্ত্র মানে নিয়ম, আইন, বিধানসংবলিত বই। আরও শোন, আমাদের মাতৃভাষা বাংলা। এই বাংলা ভাষারও কিন্তু ব্যাকরণ আছে। নতুবা বাংলাভাষা আমাদের নিকট এত মধুর হতো না। পিউ : তাহলে বাংলা ব্যাকরণ কী দাদু ? দাদু : যে শাস্ত্র বাংলা ভাষাকে বিশ্লেষণ করে শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে শেখায় তাকে বাংলা ব্যাকরণ বলে।