গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

ম্যাচের বাক্স বা আয়তকার শক্ত কোনো বস্তুকে একেবারে কম দূরত্বে দাঁড় করিয়ে রাখার পর এগুলোর কোনো একটিকে যদি হাত দিয়ে ফেলে দেওয়া যায় তাহলে একে একে পড়তে থাকে বাকিগুলোও। ডমিনো নামের একটি খেলার সাথে মিল থাকার কারণে অনেকেই এটিকে বলেন ডমিনো এফেক্ট। আর এভাবে বই দিয়ে ডমিনো তৈরি করেই সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে পোল্যান্ডের চেস্টোশোয়াতে অবস্থিত একটি স্কুলের বিশজন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক। স্কুলের আরও একটি বছরের ক্লাস শেষ হওয়া উদযাপন করতে এবং শিক্ষার্থীদের মধ্যে বই পড়া বিষয়ক সচেতনতা গড়ে তুলতে আয়োজিত এই বিশেষ ডমিনোতে সবমিলিয়ে ৪,৯৮৮ টি বই ব্যবহার করা হয় এবং সবগুলো বই একটার পর একটা পড়তে মোট সময় লাগে প্রায় সাত মিনিট।