ঈদের কেনাকাটা
কসমেটিকের দোকানে দারুণ ভিড়
প্রকাশ : ২৫ জুলাই ২০১৪, ২১:১৩
ঈদ বাজারে ভিড় এখন কসমেটিস এর দোকানে। শেষ সময়ে প্রয়োজনীয় কসমেটিস কেনাকাটায় ব্যস্ত এখন নগরবাসী। ঈদের জন্যে কেনা পোশাকটি যত আকর্ষণীয়ই হোক না কেন; সেই পোশাকের সঙ্গে মেচিং করে সাজ-গোজের পণ্যসামগ্রী না হলে ঈদের পোশাকের সৌন্দর্যটাই যেন মাটি। সে কারণে ঈদের নতুন পোশাকের সঙ্গে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে রূপসচেতন মেয়েদের ভিড় এখন কসমেটিকসের দোকানগুলোতে।
ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে মেয়েরা কিনছেন লিপস্টিক, নেলপলিশ, আইলাইনার, আইশ্যাডো, ব্লাশন প্রভৃতি। এর সাথে সবসময়ের প্রয়োজনীয় উপকরণ যেমন—ফেস পাউডার, ফাউন্ডেশন, প্যানকেক, বডি সেপ্র, পারফিউম, প্যানস্টিক, শ্যাম্পু, সাবান এনব কিনছেন এখন ক্রেতারা। কসমেটিকসের ক্ষেত্রে দেশি বিদেশি কোন ভাগ নেই। যার যেমন পছন্দ ও সামর্থ্য সে অনুযায়ী ক্রেতারা কিনছেন এসব পণ্য। এর মধ্যে বেশি চলছে জ্যাকলিন, জর্ডানা, লরিয়াল, র্যাভলন, মেবলন কোম্পানির কসমেটিকস।
গতকাল রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলের কসমেটিকসের দোকানগুলো ঘুরে দেখা গেছে তরুণ-তরুণীদের ভিড়। বসুন্ধরা শপিংমলের বিক্রেতা বলেন, ‘বিক্রি খারাপ নয়।’ তবে গত বছরের চেয়ে খারাপ। তিনি বলেন, ঈদের দিন নিজেকে সাজাতে তরুণীরা ফাউন্ডেশন, ফেস পাউডার, ব্লাশন, আইলাইনার, মাসকারা, আইশ্যাডো, লিপস্টিক, নেলপলিশ এসব পণ্য বেশি কিনছেন।
প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মধ্যে ক্রেতারা কিনছেন শ্যাম্পু, লোশন, ক্রিম। চলছে বেশি সানসিল্ক, ডাভ, ক্লিয়ার, লরিয়াল, প্রেন্টিলরেল, হারবাল, এসেন্স, প্যানট্রি ইত্যাদি শ্যাম্পু। দাম ২২০ থেকে সাড়ে ৬শ’ টাকা। ফেস পাউডার ও ফাউন্ডেশনের সঙ্গে চলছে বেশি মিডিয়াম বেইস কালার। এ ছাড়াও অনেকে তাদের গায়ের রঙের সঙ্গে মিলিয়ে কিনছেন বিভিন্ন রঙের ফাউন্ডেশন। দাম ৩৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। তবে সব শ্রেণীর ক্রেতাদের পছন্দের মার্কেট গাউসিয়া, নিউমার্কেট।
বসুন্ধরা সিটির একজন বিক্রেতা বলেন, এবার ঈদে জ্যাকলিনের ফেস পাউডার চলছে বেশি। সাধ্যের মধ্যে এর দাম হওয়ায় আর মোটামুটি মানসম্মত বলে এর চাহিদা বেশি। এছাড়া ফ্রান্সের পণ্যগুলোর চাহিদা সব ধরনের ক্রেতার কাছে বেশি রয়েছে বলেও জানান তিনি। যেসব ফেস পাউডার পাওয়া যাচ্ছে এগুলোর দাম ২৫০ টাকা থেকে ১৮০০ এবং ফাউন্ডেশন ৫৫০ টাকা থেকে ১৬০০ টাকা পর্যন্ত। প্যানকেক ৩৫০ টাকা থেকে ১২৫০, প্যানস্টিক ১৫০-৮৫০ টাকা, আইলাইনার ও মাসকারা ২০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত, লিপস্টিক ১২০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। এছাড়াও আই-ব্রো পেন্সিল ও কাজলের দাম ৫০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত।
ঈদের দিন মেকআপ করার পাশাপাশি নিজেদের হাত মেহেদির রঙে সাজাতেও ভোলেন না ফ্যাশন সচেতন তরুণীরা। দোকানিরা তাদের কথা মাথায় রেখে কসমেটিকসের পাশাপাশি মেহেদিও বিক্রি করেন। মেহেদির মধ্যে আলমাস মেহেদী, লিজান, শাহ্জাদি, রাঙা, মমতাজ টিউব মেহেদিগুলোই বেশি চলছে বলে জানান বিক্রেতারা। এগুলো প্রতিটির দাম ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত।
ফ্যাশনপ্রিয় তরুণরাও ঈদ উপলক্ষে কিনছেন বিভিন্ন ধরনের পারফিউম, বডি সেপ্র, শাওয়ার জেল ইত্যাদি। ছেলেদের পারফিউমের মধ্যে বেশি বিক্রি হচ্ছে এডিডাস, পয়জন, কেঞ্জু, ডেভিড বেকহ্যাম, ইটারনিটি, ফারেনহাইট, হুগো বস, সিকে এবং প্লেবয়। পারফিউমের দাম পড়বে ৮৫০ টাকা থেকে ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত। মেয়েদের পারফিউমের মধ্যে চলছে ব্লুলেডি, এডিডাস, টমিগার্ল, চার্লি, বারবেরি, শ্যানেল ফাইভ প্রভৃতি।