সিরাজগঞ্জে পুড়িয়ে দেয়া ট্রেনের বগি মেরামত সম্পন্ন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৪, ২১:১৯
বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় আন্তঃনগর ট্রেন দ্রুতযানের পুড়িয়ে দেয়া ৬১০৩ নং বগিটি সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুনঃনির্মাণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই বগিটি লালমনির ট্রাফিক ডিভিশনে হস্তান্তর করা হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহমেদ হোসেন জানান, ২০১০ সালের ১১ অক্টোবর ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেনের ১১টি বগি সিরাজগঞ্জের ছায়েদাবাদে বিএনপি জামায়াত জোট আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুড়ে যাওয়া ওই ১১টি বগি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়। পরীক্ষামূলকভাবে পুড়ে যাওয়া ১১টি বগির মধ্যে একটি বগি পুনঃনির্মাণ শুরু করা হয়। পুড়ে যাওয়া শোভন শ্রেণির এ বগিটি স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে মেরামত করে তা প্রথম শ্রেণির বগিতে উন্নীত করা হয়। মেরামতকৃত এ বগিটি আন্তঃনগর ট্রেনে সংযোজন করে ৫১ জন প্রথম শ্রেণির যাত্রী পরিবহন করা যাবে। বগি মেরামতে রেলওয়ে কর্তৃপক্ষের ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। যা বিদেশ থেকে আমদানি করতে প্রায় ৩ কোটি টাকা সরকারের খরচ হতো। সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করায় এতে সরকারের ২ কোটি ৭০ লাখ টাকার মত সাশ্রয় হয়েছে। প্রায় ৪৫ দিন সময় লেগেছে বগিটি পুনঃনির্মাণে।