আজ নেত্রকোনার নাজিরপুর যুদ্ধ দিবস

আজ শনিবার ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এ দিনে নেত্রকোনা জেলার ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকায় পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সন্মুখ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তারা হলেন, নেত্রকোনা জেলার ডা. আজিজ, মো. ফজলুল হক, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মো. নুরুজ্জামান, মো. ইয়ার মাহমুদ, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, ভবতোষ চন্দ্র দাস ও জামালপুর জেলার মো. জামাল উদ্দিন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নূরুল আমিন জানান, মুক্তিযুদ্ধের সেই স্মৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ও কলমাকান্দা উপজেলা ইউনিট প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, নাজিরপুর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, লেঙ্গুরা সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা।