ডলুছড়ি খালে সেতু না থাকায় ভোগান্তি চরমে

কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ডলুছড়ি খালে সেতু না থাকায় চলাচলে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন খালের উপর পর্যন্ত পানি উঠে যায়। তখন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে বলে স্থানীয়রা অভিযোগে জানান। কর্ণফুলী নদী পার হয়ে সরেজমিন ডলুছড়ির খাল পরিদর্শন করেন আমাদের এই প্রতিনিধি। সাংবাদিককে কাছে পেয়ে স্থানীয়রা ঘিরে ধরেন। তাদের একটাই দাবি এই ডলুছড়ি খালের উপর একটি সেতু নির্মাণ করার জন্য ব্যবস্থা করা হোক। স্থানীয় উপজাতিরা জানান, প্রতিদিন শত শত লোকজন এই খাল পার হন। পারাপারে অনেক কষ্ট হওয়ায় স্থানীয় উদ্যোগে দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করা হয়। কিন্তু সাঁকো পার হতে গিয়েও অনেক সময় মানুষ দুর্ঘটনার শিকার হন। বিশেষ করে ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা যাওয়া করার সময় শিশুরা বেশি দুর্ঘটনায় পড়ে বলে স্থানীয়রা জানান। স্থানীয় কারবারি ও হেডম্যানরা জানান, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা একবার সরেজমিন ডলুছড়ির খাল পরিদর্শন করতে আসেন। তিনি সেতুর গুরুত্ব অনুধাবন করেন। জনদুর্ভোগ কমাতে দ্রুত ডলুছড়ির খালের উপর সেতু নির্মাণ করা হবে বলেও চেয়ারম্যান ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোন কার্যক্রম শুরু না হওয়ায় স্থানীয়রা উত্কণ্ঠা প্রকাশ করেন। চলতি বর্ষায় ডলুছড়ির খাল পারাপারে মানুষের কষ্ট আরো বেড়েছে বলেও অনেকে মন্তব্য করেন। মানুষের কষ্ট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব ডলুছড়ি খালের উপর সেতু নির্মাণের উদ্যোগ নেবার জন্য স্থানীয়রা সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।