রিয়ালের জ্বলে ওঠার পালা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৪, ২১:২৬
কোচ কার্লোস আনচেলত্তি বলেছেন, রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ জয় নতুন মৌসুম শুরু হওয়ার প্রাক্কালে ক্লাবটিকে নতুনভাবে আত্মবিশ্বাসী করে তুলেছে।
রিয়াল মাদ্রিদ গেল মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বি অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-১ ব্যবধানে হারিয়ে দীর্ঘ প্রতিক্ষিত ‘লা দেসিমা’ বা ১০ম শিরোপার স্বপ্ন পূরণ করে। পর্তুগালের লিসবনে পাওয়া ট্রফিটি হলো ২০০২ সালের পর স্প্যানিশ জায়ান্টদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়। এই অর্জন বর্তমানে প্রাক মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে যাওয়া স্প্যানিশ জায়ান্টদের আরো সাফল্যের জন্য ক্ষুধার্ত করে তুলেছে। অ্যানচেলত্তি ক্লাবটির সাথে নিজের দ্বিতীয় মৌসুম শুরুর পর রিপোর্টারদের বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ১০ম শিরোপা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে করি লা ডেসিমা ছিল একটা কালের সূচনা। আমাদের শিরোপা জয় অব্যাহত রাখা, আরো অনেক প্রতিযোগিতা জেতার ইচ্ছে আছে এবং দলটিও প্রতিদ্বন্দ্বিতামূলক। আমরা সবাই লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় যেমন দলটিকে বাড়তি সাফল্যের জন্য উদ্ধুদ্ধ করছে, তেমনি দল বদলের বাজারেও তারা শুধু ক্লাবের শক্তি বৃদ্ধিই করেনি, বলতে গেলে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার টনি ক্রুস এবং গোল্ডেন বুট জয়ী কলম্বিয়ান জেমস রড্রিগেজ এরই মধ্যে বার্নাব্যুতে যোগ দিয়েছেন। তাই ইতালিয়ান এই কোচ আগামী মাসে সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ এবং ২৪ আগস্ট কর্ডোবার বিপক্ষে খেলার মধ্যদিয়ে লা লিগা শুরু করার আগে আশাবাদী।
আসছে মৌসুম নিয়ে রিয়াল কোচ বলেন, ‘এই বছর আমরা সুবিধাজনক অবস্থায় আছি। কেননা আমরা এরই মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কাজ সেরে রেখেছি। এখন অনেক খেলোয়াড় সই করানো হয়েছে এবং আমি মনে করি আমরা ভালভাবে শুরু করতে পারবো। আমি খুবই আশাবাদী।’
অ্যানচেলত্তি আরো বলেন, ‘ক্লাব অনেক ভাল কাজ করছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে সই করিয়েছি যারা দলকে অনেকখানি উন্নত করবে। আমাদের খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক একটা দল আছে।’ ক্লাবের নতুন দুই মুখ ক্রুস এবং রড্রিগেজ ব্যাপারে রিয়াল কোচ বলেন, ‘রিয়াল মাদ্রিদ সবসময়েই ভাল বৈশিষ্ট্য ও ভবিষ্যত সম্ভাবনার খেলোয়াড়দের জন্য চেষ্টা চালায় এবং সেজন্য আমরা এই চুক্তিগুলো করেছি। তারা মাঠে বিভিন্ন পজিশনে খেলতে পারে। জেমস বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের একজন। আগস্টের শুরুতেই করিম বেনজেমা এবং রাফায়েল ভারানোর মতো অনুশীলন শুরু করবে সে। ক্রুসও বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের একজন। বর্তমান এবং ভবিষ্যতের জন্য রিয়াল মাদ্রিদে এমন খেলোয়াড়দের প্রয়োজন রয়েছে।’
ক্রুস ও রড্রিগেজকে চূক্তিবদ্ধ করানোয় রিয়ালের মধ্যমাঠে অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। যদিও নতুনদের সংযোজনে দলের মধ্যমাঠে প্রতিযোগিতা বাড়বে বলে জানিয়েছেন কোচ আনচেলত্তি। ডি মারিয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। ৫ আগস্ট সে ফিরবে। রড্রিগেজ এবং ক্রুসের সঙ্গে চূক্তি হওয়ায় মধ্যমাঠে প্রতিযোগিতাটা বাড়বে। এটাই বড় একটি ক্লাবের ধরন। প্রতিযোগিতাই শক্তি।’