ভাঙ্গুড়ায় পাটের দাম না পাওয়ায় কৃষক হতাশ

পাবনার ভাঙ্গুড়া উপজেলাসহ চলনবিল এলাকায় এবছর পাটের বাম্পার ফলন হয়েছে। হাট-বাজারে পাট বেচা-কেনা শুরু হয়েছে। কিন্তু মওসুমে বাজার কম থাকায় তারা হতাশ হয়ে পড়েছেন। উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের কালিকাদহ গ্রামের কৃষক আইয়ুব আলী জানান, তিনি ৩ বিঘা জমিতে তোষা পাটের আবাদ করে ভালো ফলন পেলেও ন্যায্য দাম পাচ্ছেন না। এলাকার কৃষকরা জানান, আবাদের সময় অর্থের টানাটানি থাকায় ধার-দেনা বা কৃষিঋণ নিয়ে তারা আবাদ তুলেছেন। মওসুমের শুরুতে ফসল বিক্রি করে আগে দেনা পরিশোধ করতে হবে। সরকার পাটের সর্বনিম্ন মূল্য মণপ্রতি ২ হাজার টাকা বেঁধে দিলেও তারা কিছুটা লাভবান হতেন। ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, চলতি মওসুমে এ উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছিল। কৃষকরা উপসহকারী কৃষি অফিসারদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পাওয়ায় ফলন ভালো পেয়েছেন।্ দাম ভালো পেলে আগামী মওসুমে চাষের লক্ষ্যমাত্রা দ্বিগুণ নির্ধারণ করা যেত।