দাগী এমপিদের ফৌজদারি মামলা দ্রুত নিষ্পতির নির্দেশ মোদির

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে দাগী সাংসদদের বিরুদ্ধে ধঅমীমাংসিত সমস্ত ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার নির্দেশ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনী প্রচারের সময় মোদি কথা দিয়েছিলেন তিনি ভোটে জিতে ক্ষমতায় আসলে দুর্নীতির প্রশ্নে কোনো আপোস করবেন না। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর তথ্য অনুযায়ী বর্তমানে সংসদের ৩৪% (১৮৬জন) সদস্যের বিরুদ্ধে কোনো না কোনো ফৌজদারি মামলা চলছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রণালয় অভিযুক্ত রাজনীতিকদের বিরুদ্ধে মামলাগুলো খতিয়ে দেখতে শুরু করে দিয়েছে। অনুমান করা হচ্ছে এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যে পৌঁছতে সমস্যার সম্মুখীন হবে বিজেপি সরকার। কেউ যাতে জামিন, স্থগিতাদেশ বা অন্য কোনো আইনি প্রক্রিয়ার অপব্যবহার করে মামলাগুলো অযথা বিলম্বিত করতে না পারে সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে বিজেপি সরকার।