হোন্ডা বেঁচে ঘোড়া ক্রয়
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৪, ২১:৪৫
মুক্তাগাছার পাড়াটঙ্গির বাসিন্দা নিজামউদ্দিনের (৬৫) বাহন ঘোড়া। ঘোড়ায় চড়ে তিনি মুক্তাগাছাসহ আশপাশের জেলা-উপজেলাগুলোতে যাতায়াত করে থাকেন। এখনও ঘোড়ার ব্যবহার করে বাপ-দাদার ঐতিহ্য ধরে রেখেছেন তিনি। মুক্তাগাছার জমিদারদের সাথে নিজামউদ্দিনের বাবা-দাদার ছিল খুবই সখ্যতা। জমিদাররা হাতিতে চড়ে চলাফেরা করতেন । আর তার বাবা-দাদা চড়তেন ঘোড়ায়। আজ থেকে ৫৫ বছর আগে যখন নিজামউদ্দিনের বয়স মাত্র ১০ বছর তখন বাবার কাছ থেকে রপ্ত করেন ঘোড়া চালানো। সেই থেকে তিনি ঘোড়া চালান। এ পর্যন্ত প্রায় ২ ডজন ঘোড়া ব্যবহার করেছেন তিনি। সর্বশেষ ২০১২ সালে ব্যবহূত ঘোড়াটির মৃত্যু হলে জাপানি হোন্ডা কোম্পানীর একটি মোটর সাইকেল ক্রয় করেন। ছোটবেলা থেকে গড়ে-ওঠা অভ্যাস ঘোড়া চালানো তাই হোন্ডা চালাতে ভালো লাগছিলো না। চলতি সপ্তাহে হোন্ডাটি বিক্রি করে পৌনে ২ লাখ টাকায় ক্রয় করেছেন ভারতীয় জাতের একটি ঘোড়া। ঘোড়া চালিয়ে এখন তিনি স্বাচ্ছন্দ্য ভোগ করছেন।