সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত মাসুদের বাড়িতে শোকের মাতম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত মাসুদের গ্রামের বাড়িতে শোকের মাতম বইছে। নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির বায়রা গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে মোঃ মাসুদ মিয়াজী (২৮) কাজে যাওয়ার পথে সৌদি আরবের দুরমা নামক স্থানে গত বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় মারা যায়। নিহত মাসুদের চাচাতো ভাই নবীউল্লাহ জানান, মাসুদ ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট। ৭ বছর আগে সে চাকরি করার জন্য সৌদি আরব যায়। সেখানে তার আরো ভাই রয়েছে। আশা ছিল কিছুদিনের মধ্যে সে বাড়িতে এসে ঘর নির্মাণ করবে এবং বিয়ে করবে। তার সে আশা আর পূরণ হলো না। দুরমার একটি হাসপাতালের হিমাগারে তার লাশ রাখা হয়েছে বলেও তিনি জানান।