তিতাস গ্যাস ফিল্ডে ২১ নম্বর কূপে উত্পাদন বন্ধ

খননকাজে ত্রুটি থাকায় বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ২১নং কূপের উত্পাদন। মাত্র ৬ মাসের মধ্যেই অপ্রত্যাশিত ভাবে বন্ধ হল তিতাসের এ গ্যাস কূপ। এতে জাতীয় গ্রীডে ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদন কমে গেছে। গত বছরের ৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের ১নং লোকেশনে কূপের খনন কাজ শুরু হয়। ৩০ ডিসেম্বর এ কূপটি উত্পাদনে আসে। আকস্মিকভাবে গত ২১ জুন কূপটির উত্পাদন বন্ধ হয়। অস্বাভাবিক মাত্রায় পানি এসে আপনা আপনিই এটি বন্ধ হয় বলে কর্মকর্তারা জানান। বন্ধের আগে এ কূপ থেকে মাত্র ৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হয়। ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে কূপের খনন কাজ শুরু হয়। ডিরেকশনাল পদ্ধতিতে খনন কাজ চলে মাটির ৩৫শ ৪০ মিটার গভীরে ড্রিলিং পাইপ যাবার পর আপার জোন থেকে গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৩ সালের মে মাসেই এর কাজ শেষ করার কথা থাকলেও নানা সমস্যার কারণে ৩০ ডিসেম্বর খনন শেষ হয়। কর্মকর্তারা বলছে, খননে কোন ত্রুটি ছিল না। নিম্নস্তরে গ্যাস না থাকায় বন্ধ হয়ে গেছে কূপটি।